ভুটানকে চেপে ধরেও প্রথমার্ধে গোলের দেখা পেল না বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপ

ভুটানকে চেপে ধরেও প্রথমার্ধে গোলের দেখা পেল না বাংলাদেশ

ফন্ট সাইজ:

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে গেছে  বাংলাদেশ।  ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়ে একের পর এক আক্রমণ তৈরি করলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলের খাতা খুলতে পারেনি টমাস ডুলির দল।

ওয়ার্মআপের সময় চোট পাওয়ায় শেষ মুহূর্তে শুরুর একাদশ থেকে ছিটকে পড়েন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। তার পরিবর্তে একাদশে সুযোগ পান কাজেম শাহ, আর অধিনায়কের আর্মব্যান্ড ওঠে জামাল ভূঁইয়ার হাতে। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। উইং দিয়ে আক্রমণ গড়ার পাশাপাশি মাঝমাঠ থেকেও বেশ কিছু সুযোগ তৈরি করে বাংলাদেশ। বিশেষ করে রাইট ব্যাক থেকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে নামা বিশ্বনাথ ঘোষ প্রথমার্ধে গোলের একাধিক সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। ৬, ১৮, ২৫ ও ৩৯ মিনিটে বিশ্বনাথের নেয়া শট ও হেড লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় গ্যালারির দর্শকদের। এছাড়া ৪৪ মিনিটে জামালের ফ্রি-কিক থেকে শমিত সোমের হেড ডি-বক্সে ঠিকমতো কেউ কাজে লাগাতে পারেননি।

পুরো প্রথমার্ধে বাংলাদেশ গোলমুখে একক আধিপত্য বজায় রাখলেও ভুটান নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। ৪০ মিনিটে ম্যাচে নিজেদের প্রথম ও একমাত্র শটটি নিতে পারে ভুটানিরা। যা সহজেই লুফে নেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। প্রথমার্ধের শেষ দিকে হেডার নিতে গিয়ে মাথায় চোট পেয়ে অ্যাম্বুলেন্সেমাঠ ছাড়তে বাধ্য হন ভুটানের অর্গিয়েন ওয়াংচুক। শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই বিরতিতে যায় দু’দল।