ভুটান ম‍্যাচে বিশ্বনাথকে স্ট্রাইকার বানাচ্ছেন ডুলি!

সাফ চ্যাম্পিয়নশিপ

ভুটান ম‍্যাচে বিশ্বনাথকে স্ট্রাইকার বানাচ্ছেন ডুলি!

ফন্ট সাইজ:

সাফ চ্যাম্পিয়নশিপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। ভুটানের বিপক্ষে একাদশে বড় চমক দিতে যাচ্ছেন তিনি। ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে প্রায় ২০০ ম্যাচ খেলা ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে দেখা যেতে পারে স্ট্রাইকারের ভূমিকায়। শুধু তাই নয়, হামজা চৌধুরীর অনুপস্থিতিতে সেন্টার-ব্যাক তারিক কাজীকে খেলাতে চান হোল্ডিং মিডফিল্ডার হিসেবে এমনিতেই বাংলাদেশের ফুটবলের বড় সমস্যা গোল করতে না পারা। সেই সমস্যা কাটাতে দুই প্রবাসী ফুটবলার মাহি খান ও রোনান সুলিভানকে সাফের দলে রেখেছিলেন ডুলি। কিন্তু চোটের কারণে আগেই ছিটকে গেছেন রোনান। ক্যাম্পের শুরু থেকে দলের সঙ্গে থাকা মাহিকে নিয়েও ছিল কোচের বড় পরিকল্পনা। অথচ ভুটানের বিপক্ষে ম্যাচের চূড়ান্ত ২৩ জনের দলেই জায়গা হয়নি এই তরুণ স্ট্রাইকারের। সাম্প্রতিক সময়ে গোল পাওয়া শেখ মোরসালিনকেও রাখা হয়েছে বিশ্রামে। ফিটনেস সমস্যায় বাদ পড়েছেন অভিজ্ঞ সোহেল রানাও।


গোলের সমস্যা কাটাতে বিশ্বনাথকে সামনে তুলে আনার পরিকল্পনা করেছেন ডুলি। সাফের প্রস্তুতি ক্যাম্পেও তাঁকে আক্রমণভাগে খেলিয়ে দেখেছেন কোচ। ভুটানের বিপক্ষে সেই পরীক্ষার বাস্তব প্রয়োগ দেখতে পারে বাংলাদেশ। অন্যদিকে মাঝমাঠে হামজার শূন্যস্থান পূরণে তারিক কাজীকে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলানোর পরিকল্পনা রয়েছে তাঁর।


সম্ভাব্য একাদশে গোলপোস্ট সামলাবেন মেহেদী হাসান শ্রাবন। সেন্টার-ব্যাক হিসেবে অধিনায়ক তপু বর্মণের সঙ্গে থাকবেন জিদান ইউসুফ। দুই ফুলব্যাক জায়ান আহমেদ ও সাদ উদ্দিন। মাঝমাঠে তারিক কাজীর সঙ্গে দেখা যেতে পারে জামাল ভূঁইয়া অথবা কাজেম শাহকে। অ্যাটাকিং মিডফিল্ডে থাকবেন শমিত সোম। দুই উইং দিয়ে আক্রমণ শাণাবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। আর সবার সামনে গোলের দায়িত্বে থাকতে পারেন বিশ্বনাথ ঘোষ।


এবারের সাফে দলগুলোর খেলোয়াড় সংকটও বড় আলোচনার বিষয়। ফিফা উইন্ডোর বাইরে টুর্নামেন্ট হওয়ায় ভুটান ও মালদ্বীপ ছাড়া কোনো দলই শুরু থেকে পূর্ণ শক্তির স্কোয়াড পাচ্ছে না। ভারতের ২৮ সদস্যের স্কোয়াড থেকে ঢাকায় এসেছেন ১৮ জন। বাকিরা পরে যোগ দেবেন। পাকিস্তানেরও বেশ কয়েকজন বংশোদ্ভূত ফুটবলার ক্লাব থেকে ছাড়পত্র না পাওয়ায় আসতে পারেননি। বাংলাদেশের হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ যোগ দেবেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে। শ্রীলঙ্কারও একাধিক প্রবাসী ফুটবলার শুরু থেকে খেলতে পারছেন না।


এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলগুলোকে ২৮ সদস্যের স্কোয়াড করার সুযোগ দিয়েছে সাফ কর্তৃপক্ষ। তবে প্রতিটি ম্যাচের দিন সকালে চূড়ান্ত ২৩ জনের তালিকা জমা দিতে হচ্ছে। ভুটানের বিপক্ষে সেই তালিকায় অভিজ্ঞ সোহেল রানা, শেখ মোরসালিন ও তরুণ স্ট্রাইকার মাহি খানকে রাখেননি ডুলি।  
ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দীন, তপু বর্মণ, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, জামাল ভূঁইয়া, সমিত সোম, রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল আহমেদ ফাহিম।


​