পিএসসি ভবনে বসছে ১২০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা

পিএসসি ভবনে বসছে ১২০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা

ফন্ট সাইজ:

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের ছাদে ১২০ দশমিক ৯৬ কিলোওয়াট-পিক (কেডব্লিউপি) সক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। ‘বিডা-ডেসকো মডেল’-এ এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে বছরে প্রায় ১৩ হাজার ৪০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
এ লক্ষ্যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও পিএসসি সচিবালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন। পিএসসি সচিবালয়ের পক্ষে উপসচিব (প্রশাসন) মো. ওয়াশীমুল বারী এবং ডেসকোর পক্ষে কোম্পানি সচিব প্রকৌশলী এস এম শাহসুলতান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ বলেন, কমিশন ভবনের ছাদে ৯ হাজার ২৪২ বর্গফুট জায়গায় এ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হবে। এখান থেকে ১৩ হাজার ৪০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া বলেন, সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু হলে কমিশন ভবনের বিদ্যুৎ চাহিদার একটি অংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণ করা যাবে। এতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি বিদ্যুৎ ব্যয় সাশ্রয় হবে।

একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে এ উদ্যোগ ভূমিকা রাখবে। কমিশন সচিবালয়ের সচিব মো. ফজলুর রহমান বলেন, সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে জ্বালানি সাশ্রয় ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ একটি ইতিবাচক পদক্ষেপ।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য, যুগ্মসচিব, উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডেসকোর নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।