সাফের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে ভারত। ম্যাচের ১৩ মিনিটে মুহাম্মদ সুহাইলের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন সুহাইল আহমেদ বাট। এর ঠিক ছয় মিনিট পর সংঘবদ্ধ আক্রমণ থেকে অভিষেকের বাড়িয়ে দেয়া বল থেকে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন এই ফরোয়ার্ড। এরপর ৩১ মিনিটে নওশাদের পাস থেকে ব্যবধান ৩-০ করেন কিপগেন।
তিন গোলে পিছিয়ে পড়ার পর ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল পাকিস্তান। ৩৪ মিনিটে ভারতের ডি-বক্সে ফাউলের শিকার হন মোহাম্মদ হায়ান ঘটক। তবে পেনাল্টি পেলেও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন বাংলাদেশ ফুটবল লীগে সিটি ক্লাবের হয়ে খেলা শায়াক দোস্ত। তার নেয়া শট লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় পাকিস্তানকে। প্রথমার্ধের বাকি সময়েও বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রেখে পাকিস্তানের রক্ষণে চাপ বজায় রাখে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ৩-০ গোলের আরামদায়ক লিড নিয়েই বিরতিতে যায় ভারত।
