যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের বড় সাফল্যের পর হোয়াইট হাউস থেকে প্রথম প্রতিক্রিয়া এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি ছবি প্রকাশ করে হোয়াইট হাউস লিখেছে, ‘জনস্বার্থে ঘোষণা: ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট।’
হোয়াইট হাউসের সরকারি অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে দেখা যায়, ওভাল অফিসের বিখ্যাত রেজল্যুট ডেস্কের ওপর ঝুঁকে আছেন ট্রাম্প। ছবির ওপর বড় অক্ষরে লেখা হয়েছে, ‘পিএসএ: ট্রাম্প ইজ স্টিল ইওর প্রেসিডেন্ট’-অর্থাৎ ‘জনস্বার্থে ঘোষণা: ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর আজ দিনের শুরুতে প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি স্বীকার করেন, ডেমোক্রেটরা ‘ভালো করেছে’। তবে দাবি করেন, ব্যালটে তার নিজের নাম থাকলে রিপাবলিকান প্রার্থীরা আরও ভালো ফল করতেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে হোয়াইট হাউস-এমন আশঙ্কায় আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন নির্বাচনি আইন বিশেষজ্ঞ, ভোটাধিকারকর্মী ও ডেমোক্র্যাটরা।
কিন্তু এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের বড় ব্যবধানে সাফল্যের পর ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগ ও প্রচার হঠাৎ করেই অনেকটা স্তিমিত হয়ে গেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদে ২৩১টি আসন পেয়েছে। আর রিপাবলিকানরা পেয়েছে ১৩৯টি আসন।
এ ছাড়া ১০০ সদস্যের মার্কিন সিনেটে ডেমোক্রেটরা ৫৪টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে, আর রিপাবলিকানরা পেয়েছে ৪৩টি আসন।
