আইসিসি কিংবা এসিসি’র পথেই হেঁটেছে সাফ। টুর্নামেন্ট জমিয়ে তুলতে ভারত ও পাকিস্তানকে তারা রেখেছে একই গ্রুপে। কিন্তু ক্রিকেট কিংবা হকিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হলে যে উত্তেজনা ছড়ায়, ফুটবলে তার অনেকটাই অনুপস্থিত। তার ওপর সাফ চ্যাম্পিয়নশিপে ভারত পাঠিয়েছে দ্বিতীয় সারির দল। সেই দলেও প্রথম ম্যাচে থাকছেন না ১০ ফুটবলার। ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচ থাকায় ক্লাবগুলো তাদের ছাড়েনি। ফলে দলের সেরা ফরোয়ার্ড লিস্টন কোলাসো কিংবা এক নম্বর গোলরক্ষক আর্শ আনোয়ার শেখকেও পাচ্ছে না ভারত।
আজকের ম্যাচের পর দলের সঙ্গে যোগ দেয়ার কথা তাদের। ফলে আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় সাফের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হবে ভারতকে। পূর্ণ শক্তির দল না এলেও ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৮তম স্থানে থাকা ভারতই এবারের সাফে সবচেয়ে এগিয়ে। অন্য দলগুলোর অবস্থান ১৭৩-এর নিচে। সম্প্রতি ব্রাজিল, উরুগুয়ে ও পানামার মতো দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে ভারতের। র্যাঙ্কিংয়ে আরও উন্নতি করতে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে নিয়মিত খেলার লক্ষ্য তাদের। সে কারণেই আসন্ন ফিফা উইন্ডোতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে মূল দল পাঠাচ্ছে তারা।
ফলে সাফের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান প্রতিপক্ষ হলেও ভারতের কাছে অকল্যান্ডের দুটি ম্যাচের গুরুত্বই বেশি মনে হচ্ছে। অন্যদিকে সাম্প্রতিক আসিয়ান কাপের অভিজ্ঞতা নিয়ে ঢাকায় এসেছে পাকিস্তান। টুর্নামেন্টে থাইল্যান্ডের কাছে ৪-০ এবং ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরেছে তারা। তবে ফিলিপাইনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। দলটির বেশ কয়েকজন ফুটবলার খেলেন বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ব্রাদার্স ইউনিয়ন ও সিটি ক্লাবে। পাকিস্তান দলের দায়িত্বে রয়েছেন পেরুর সাবেক ফুটবলার নলবার্তো সোলানো। ইংলিশ প্রিমিয়ার লীগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই কোচ রিকার্দো গারেকার সহকারী হিসেবেও কাজ করেছেন। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খায় পাকিস্তান।
কাতার বিমানবন্দরে খেলোয়াড়দের লাগেজ আটকে থাকায় গতকাল নির্ধারিত অনুশীলন করতে পারেনি তারা। আজ ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তাই কোনো অনুশীলন ছাড়াই মাঠে নামতে হবে তাদের। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় এই লড়াইয়ে একদিকে পূর্ণ অনুশীলন করেছে ভারত, অন্যদিকে কোনো অনুশীলন ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করতে হবে পাকিস্তানকে।
ভারতের কোচ নওশাদ মুসা মূলত অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্বে রয়েছেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে দল গোছানোরও যথেষ্ট সময় পাননি তিনি। কলকাতায় অনুশীলনে শুরুতে পেয়েছিলেন মাত্র ১৫ ফুটবলার। পরে মুম্বাই থেকে তিনজন যোগ দিলেও পুরো দল নিয়ে প্রস্তুতির সুযোগ হয়নি। তার ওপর লিস্টন কোলাসোর মতো গুরুত্বপূর্ণ ফুটবলারও থাকছেন না প্রথম ম্যাচে। সব মিলিয়ে অপ্রস্তুত ও অগোছালো ভারতকে হারানোর ভালো সুযোগ দেখছে পাকিস্তান। ক্রিকেটে ভারতের কাছে একাধিকবার হতাশ হতে হয়েছে তাদের সমর্থকদের। এবার ফুটবলে প্রতিবেশীকে হারিয়ে সেই আক্ষেপ কিছুটা হলেও ঘোচাতে চায় পাকিস্তান।
