নির্বাচনে ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী ট্রাম্পের

নির্বাচনে ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী ট্রাম্পের

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ও সিনেট-কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্রেটদের জয় রিপাবলিকানদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। এর ফলে ট্রাম্পের বাকি মেয়াদে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে তার দল। এতে প্রেসিডেন্টের রাজনৈতিক ও নীতিনির্ধারণী পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে।
নির্বাচনে পরাজয়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্প একদিকে ইরান যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধিকে রিপাবলিকানদের খারাপ ফলের কারণ হিসেবে স্বীকার করেছেন, অন্যদিকে বলেছেন, ব্যালটে তার নিজের নাম থাকলে ফল ভিন্ন হতে পারত।
একই সঙ্গে ডেমোক্রেটদের নির্বাচনি সাফল্যের প্রশংসা করলেও প্রয়োজনে ভেটো ক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইরান যুদ্ধ ও জ্বালানির দামকে দায় দিলেন
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধ এবং জ্বালানির মূল্যবৃদ্ধির ভূমিকা ছিল বলে স্বীকার করেছেন ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গ্যাসের বাড়তি দাম রিপাবলিকান পার্টির জন্য ক্ষতির কারণ হয়েছে। জ্বালানির জন্য মানুষকে যখন বেশি অর্থ ব্যয় করতে হয়েছে, তখন তারা বিষয়টি পছন্দ করেনি।
নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্বাচনের ফলাফল মেনে নিতে প্রস্তুত তিনি। তবে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকে ‘খুবই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন তিনি।

‘আমি ব্যালটে ছিলাম না’
নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ট্রাম্প বারবার বলেছেন, ব্যালটে তার নিজের নাম থাকলে দলটি জয়ী হতো। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এবং বিভিন্ন সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
নিউইয়র্ক টাইমসকে ট্রাম্প বলেন, ‘আমি নির্বাচনে প্রার্থী হিসেবে ছিলাম না। আর আমি না থাকার কারণেই আমরা পর্যাপ্ত মানুষকে ভোটকেন্দ্রে এনে ভোট দেয়াতে পারিনি।’
ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া আরেক সাক্ষাৎকারে কয়েকজন রিপাবলিকান প্রার্থীর দুর্বলতার কথাও স্বীকার করেন তিনি। ট্রাম্প বলেন, তাদের কয়েকজন ‘আরও ভালো করতে পারতেন’। পরাজিত এসব প্রার্থীর কয়েকজনকে নিজেই সমর্থন দিয়েছিলেন প্রেসিডেন্ট।

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ডেমোক্রেটদের নির্বাচনি সাফল্যের প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি স্বীকার করেন, ডেমোক্রেটরা ‘ভালো কাজ করেছে’। রিপাবলিকানরা বড় বড় জনসভা করার পরও ডেমোক্রেটদের এমন ফলাফলে তিনি ‘কিছুটা অবাক’ হয়েছেন বলেও জানান।
ডেমোক্রেটদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতে চলে যাওয়ায় তার প্রশাসনের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে বাধা তৈরি হতে পারে।
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ডেমোক্রেটদের সঙ্গে কাজ করার মতো ‘অনেক অনেক বিষয়’ রয়েছে। তবে ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন হলে নিজের ভেটো ক্ষমতা ব্যবহার করবেন।