আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে জামাল ভূঁইয়ার বদলে ডিফেন্ডার তপু বর্মণকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার কারণ পরিষ্কার করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জামালের অনুপস্থিতি এবং তপুকে আর্মব্যান্ড দেওয়ার বিষয়ে কোচের কাছে ব্যাখ্যা জানতে চাওয়া হয়।
জবাবে বাংলাদেশ কোচ জানান, এই সিদ্ধান্তে অবাক হওয়ার কিছু নেই। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি অধিনায়কত্বে রোটেশন পদ্ধতি বজায় রাখছেন। ডুলি বলেন, ‘আমি আসার পর থেকে এ পর্যন্ত দুই-তিনজন অধিনায়ক ব্যবহার করেছি। এর আগে ইতালি সফরেও তপু অধিনায়কত্ব করেছে, আবার জামালও ছিল। তাই আগামীকালের ম্যাচে তপু অধিনায়ক হচ্ছে, এতে অবাক হওয়ার কিছু নেই।’
রক্ষণভাগের কোনো খেলোয়াড়কে নেতৃত্বে রাখার যৌক্তিকতা তুলে ধরে কোচ জানান, দল গোছানো এবং শেষ সীমানা থেকে সতীর্থদের দিকনির্দেশনা দেওয়ার জন্য একজন সেন্ট্রাল ডিফেন্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডারই সবচেয়ে উপযুক্ত। তপুর অভিজ্ঞতা ও দলের ওপর তার প্রভাবের প্রশংসা করে ডুলি বলেন, ‘সে দলের একজন প্রকৃত নেতা এবং সবাই তাকে সম্মান করে।’
তবে আর্মব্যান্ড থাকাই যে নেতৃত্ব দেওয়ার একমাত্র শর্ত নয়, সে কথাও স্পষ্ট করেন ডুলি। তাঁর মতে, হামজা চৌধুরী বা সাদ উদ্দিনের মতো তারকারাও আর্মব্যান্ড ছাড়াও মাঠের প্রকৃত নেতা। তিনি আরও বলেন, ‘হামজা আর্মব্যান্ড না পরেও একজন অধিনায়ক। ৯০ মিনিট ধরে সামনের ও পাশের খেলোয়াড়দের গাইড করা যায়। অধিনায়কত্ব বিষয়টিকে মানুষ যতটা বড় করে দেখে, বাস্তবে এটি ততটা বড় কিছু নয়।’ অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ এখন পুরোপুরি সুস্থ ও প্রস্তুত। কোচ নিশ্চিত করেন, তপু অনুশীলনে ফিরেছেন এবং শতভাগ ফিট আছেন। জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে কাল ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এরপর আগামী ১১ই নভেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
সাফ চ্যাম্পিয়নশিপ
যে কারণে অধিনায়কের আর্মব্যান্ড তপুর কাঁধে
স্পোর্টস রিপোর্টার
খেলা
১ ঘন্টা আগে
৪ নভেম্বর (বুধবার), ২০২৬, ৪ঃ০৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
