ইসরাইলের নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ এনেছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। সংস্থাটি ইসরাইলের সেন্ট্রাল ইলেকশন কমিটিকে জানায়, সাম্প্রতিক নির্বাচনে ব্যাপক বিদেশি অর্থায়ন এবং প্রভাব বিস্তারের অপারেশনগুলোতে হাজার হাজার বা তার বেশি মানুষ জড়িত থাকতে পারে।
শিন বেত প্রধান ডেভিড জিনি জানান, শত্রুভাবাপন্ন ও গোপন স্বার্থ রয়েছে এমন বিদেশি রাষ্ট্র ও পক্ষগুলো থেকে এই অর্থ এসেছে। তবে আইন প্রয়োগকারী সংস্থার সূত্রগুলো এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেছে, এত বড় মাপের অর্থপ্রবাহ ঘটলে তা আগেই রোধ করা উচিত ছিল।
এদিকে ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার ইতামার বেন গভির শিন বেতের এই দাবির পর সব আরব দলের নেতাদের গ্রেপ্তার করে শিন বেতের গোপন প্রকোষ্ঠে নিয়ে জেরা করার দাবি জানান। একইসঙ্গে তিনি নির্বাচনের ফলাফল প্রত্যয়ন ও সরকার গঠন অবিলম্বে স্থগিত করার দাবি জানান।
এর আগে নির্বাচন কমিশন জানায়, ভোটগ্রহণ প্রভাবিত হওয়ার বা ফলাফল পরিবর্তনের মতো কোনো অনিয়ম তারা পায়নি। আজই এই ফলাফল প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে লিকুদ পার্টি অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারাকে জেরা আটকে দেওয়ার জন্য অভিযুক্ত করেছে, যার জবাবে অ্যাটর্নি জেনারেল শিন বেত প্রধানের বিরুদ্ধে আইনের শাসন ক্ষুণ্ন করার চেষ্টার অভিযোগ আনেন।
