ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকালে উলাইল এবং হেমায়েতপুরে পদ্মার মোড় এলাকায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের গাড়িতে আগুন দেয় বিক্ষুদ্ধ শ্রমিকেরা। এ সময় অন্তত ৫০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের সামনে এবং উলাইল এলাকার আল মুসলিম গ্রুপের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষুদ্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপসহ কারখানায় ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে সাভার মডেল থানার ওসি সাইফুল আলমসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় হেমায়েতপুর এবং উলাইলসহ আশপাশের বিভিন্ন পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিকেরা সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় পদ্মার মোড় ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
অন্যদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম সকাল সাড়ে ৯ টার দিকে বলেন, ‘শ্রমিকেররা সড়কে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
