ট্রাইব্যুনালে হাজির হতে ব্যারিস্টার ফুয়াদের ১ মাসের সময় আবেদন

ট্রাইব্যুনালে হাজির হতে ব্যারিস্টার ফুয়াদের ১ মাসের সময় আবেদন

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে তলব করা হলেও আজ ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন না আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় ট্রাইব্যুনালে হাজির হতে এক মাসের সময় চেয়েছেন তিনি। বুধবার ব্যারিস্টার ফুয়াদের আইনজীবী ট্রাইব্যুনালকে জানান, তিনি ডেঙ্গু আক্রান্ত। এ কারণে সশরীরে উপস্থিত হতে না পেরে আদালতে হাজির হওয়ার জন্য এক মাস সময় চেয়ে আবেদন জানানো হয়েছে।

এর আগে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় ভরে ভরে কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’ মন্তব্য করায় ব্যারিস্টার ফুয়াদকে তলব করা হয়েছিল। গত ১লা নভেম্বর ট্রাইব্যুনাল তাকে আজকের দিনে (বুধবার) সশরীরে হাজির হয়ে ওই বক্তব্যের ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছিলেন।

এ প্রসঙ্গে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে তিনি ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় বা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে বলে মন্তব্য করেন। তার এই বক্তব্য ট্রাইব্যুনালের নজরে এলে আদালত স্বপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ও রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে এর আগেও দুই আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছে।