সরকারের ব্যর্থতা ও সময়মতো উদ্যোগ না নেয়ায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন বড় আকার ধারণ করেছে। এ আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার বিকালে পাবনা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গত আট মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। দফায় দফায় এলপিজি গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি। ফলে সরকারের ওপর জনগণের আর আস্থা নেই। সরকারের ব্যর্থতা ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে রাজপথে নামতে হবে।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের সঙ্গে সরকারের আগেই আলোচনা করা উচিত ছিল। কিন্তু সঠিক সময়ে উদ্যোগ নিতে সরকার ব্যর্থ হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে এনসিপি থাকবে। অতীতে শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক বলা হলেও এখন বিএনপি কেন তাদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি। তিনি বলেন, ফ্যাসিস্টরা দেশে নৈরাজ্য সৃষ্টি করলে এর দায় সরকারকেই নিতে হবে। বিরোধী দলের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। অথচ যারা দেশের ও জাতির শত্রু, তাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে সরকারের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না।
নাহিদ ইসলাম বলেন, সারা দেশে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি। সার ডিলারশিপ বিএনপি ও তাদের সমর্থিত লোকদের দেয়া হচ্ছে, অন্যরা বঞ্চিত হচ্ছেন। ফ্যামিলি কার্ডের নামে কোটি কোটি টাকা দলীয় নেতাকর্মীদের মধ্যে বিলিয়ে তছরুপ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গঙ্গার পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে গঙ্গা চুক্তি করা সম্ভব হচ্ছে না। পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ডিসেম্বর মাসে এনসিপি রাজপথে আন্দোলন করবে।
পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে এনসিপি’র সহযোগিতা নিতে পারে উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন কীভাবে করতে হয় এবং নিয়ন্ত্রণ করতে হয়, তা তারা জানেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জামায়াতের জোটে থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। ডিসেম্বরে দেশের পরিস্থিতির অবনতি হলে তার দায়ও সরকারকে নিতে হবে।
এর আগে পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি’র সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাহিদ ইসলাম।
সভায় বিশেষ অতিথি ছিলেন— এনসিপি’র যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকার প্রমুখ।
