চট্টগ্রামে জাল দলিলে সরকারি জমি দখলের চেষ্টা, এক ব্যক্তির কারাদণ্ড

ফন্ট সাইজ:

জাল দলিল তৈরি করে সরকারি অর্পিত সম্পত্তি নিজের নামে দাবি করার অভিযোগে মো. সাদেক খান (৪৩) নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত এক মাস কারাভোগ করতে হবে। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সাদেক খান নগরের কোতোয়ালি থানার লালখান বাজার এলাকার মৃত এম এ সোবহানের ছেলে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রেজাউল করিম রনি জানান, মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে জাল দলিল তৈরির মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগ প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আদালত এ দণ্ড দেন। রায় ঘোষণার দিন আদালতে উপস্থিত ছিলেন না সাদেক খান। তার বিরুদ্ধে সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা যায়, নগরের লালখানবাজার মৌজায় সরকারের অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত একটি জমি নিজের দাবি করে আত্মসাতের চেষ্টা করেন সাদেক খান। জমিটি মূলত টার্নার মরিসান কোম্পানি লিমিটেডের নামে নথিভুক্ত ছিল। পরবর্তী সময়ে তা অর্পিত সম্পত্তি হিসেবে সরকারি তালিকাভুক্ত হয়।
সাদেক খান দাবি করেন, ১৯৬৮ সালের ২২শে মে ২৬৩১ নম্বর দলিলের মাধ্যমে তিনি জমিটির মালিকানা পেয়েছেন। এ দাবির সমর্থনে দলিলটির একটি ফটোকপি চট্টগ্রাম জেলা প্রশাসকের অর্পিত সম্পত্তি শাখা ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে জমা দেন। তবে দুদকের অনুসন্ধানে ওই দাবির সত্যতা মেলেনি। চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রি অফিসের নথি যাচাই করে দেখা যায়, ২৬৩১ নম্বর দলিলটি লালখানবাজারের কোনো জমির নয়। দলিলটি আনোয়ারার রায়পুর ইউনিয়ন হাই স্কুলের সেক্রেটারির নামে করা একটি দানপত্র। লালখানবাজার মৌজার নির্ধারিত সূচিপত্রেও ওই দলিলের কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় অনুসন্ধান শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ২০১৬ সালের ২০শে সেপ্টেম্বর কোতোয়ালি থানায় সাদেক খানের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৬, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলা করে দুদক। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৫ সালের ১৯শে জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে মামলার বিচারকাজ শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত।