এসআইইউ ইংরেজি বিভাগের একক বক্তৃতায় ড. আবেদ চৌধুরী

ফন্ট সাইজ:

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইংরেজি বিভাগ আয়োজিত বক্তৃতায় বিশিষ্ট বিজ্ঞানী, লেখক এবং গবেষক ডক্টর আবেদ চৌধুরী বলেছেন, খণ্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না। আমাদের জীবন স্বচ্ছ ঝরনাধারার মতো নয়। তাই পূর্ণাঙ্গ মানুষ হতে হলে চিরকালীন মানবতাকে হৃদয়ে ধারণ করতে হবে। তিনি বলেন, গবেষণা ছাড়া শিক্ষা পূর্ণতা পায় না। কেননা গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান মানুষের কল্যাণে আসে। আর মানব কল্যাণই শিক্ষা গ্রহণের মূল উদ্দেশ্য। মঙ্গলবার দুপুরে এস আই ইউ ইংরেজি বিভাগের নিয়মিত লেকচার সিরিজ, বিয়ন্ড দ্য ক্লাসরুম: এক্সপার্ট ইনসাইটস-এর দ্বাদশ আসরে আমন্ত্রিত বক্তা হিসেবে তিনি এ বক্তব্য রাখেন। পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক, দেশ-বিদেশে সমাদৃত এ গবেষক ও লেখক তার বক্তব্যে বলেন, ক্লাসরুম হচ্ছে শিক্ষার মহড়া। আমাদের প্রতিনিয়ত শিখতে হবে জীবন থেকে। শিক্ষার্থীদের মাটির কাছে, মানুষের কাছে যেতে, মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে গবেষণা কাজে এগিয়ে আসতে হবে। বক্তব্য অনুষ্ঠানের সূচনা হয় ‘বিয়ন্ড দ্য ক্লাসরুম’ অনুষ্ঠানের কনভেনর এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথের স্বাগত বক্তব্যের মাধ্যমে। শুরুতেই তিনি বিভাগের এ ফ্ল্যাগশিপ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত হওয়ার কথা তুলে ধরেন। পরে দ্বাদশ আসরের বক্তা ড. আবেদ চৌধুরীর বর্ণাঢ্য জীবনী পাঠ করে তাকে মঞ্চে আমন্ত্রণ জানান তিনি। এরপর প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা ও প্রশ্নোত্তরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক জ্ঞানগর্ভ আবহ সৃষ্টি হয়। একক বক্তৃতা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ এবং মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব। বিজ্ঞান, সাহিত্য এবং গবেষণা নিয়ে এ আলোচনা শিক্ষার্থীদের মধ্যে তুমুল উদ্দীপনা সৃষ্টি করে। আলোচনা শেষে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন।