জুতার ভেতর ইয়াবা, রোহিঙ্গা নারীসহ আটক ২

ফন্ট সাইজ:

জুতার ভেতরে ইয়াবা বহনের সময় বরগুনায় ২২৫০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের মধ্যে একজন রোহিঙ্গা নারী। গত সোমবার বিকালে বরগুনা পৌর শহরের খাজুরতলা পৌর বাস টার্মিনাল এলাকায় বরিশাল থেকে বরগুনাগামী সজীব খান পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা রোহিঙ্গা নারী ছামুদা বেগম (৪৫) এবং উখিয়া পূর্ব কাড়ির বিল এলাকার মো. রবিউল আলম (৬০)। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, রোহিঙ্গা নারী ছামুদা কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৪, ব্লক-বি থেকে পালিয়ে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে উখিয়ার পূর্ব কাড়ির বিল এলাকার মো. রবিউল আলমের সঙ্গে বরিশাল হয়ে বরগুনা আসে। পরে সেখান থেকে বরগুনাগামী একটি লোকাল বাসে যাত্রা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে জুতার ভেতরে লুকিয়ে রাখা ইয়াবা জব্দ করা হয়। বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হামিমুর রশীদ জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলা করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।