নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারে সংঘর্ষ, ভারতীয় নাগরিক নিহত

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারে সংঘর্ষ, ভারতীয় নাগরিক নিহত

ফন্ট সাইজ:

নেপালে মাউন্ট এভারেস্টের কাছে উচ্চ পার্বত্য এলাকায় অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। নিহত ব্যক্তির নাম বসন্ত কুমার বালারামারামাডু। তার বয়স ৪৭ বছর। তিনি ভারতের নাগরিক এবং চেন্নাইয়ের বাসিন্দা বলে জানিয়েছে সংবাদমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’। স্থানীয় পুলিশও তার চেন্নাইয়ে বসবাসের বিষয়টি নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সোলুখুম্বু জেলার একটি হেলিপোর্টে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে। তবে ভিডিওটির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। ভিডিওতে দেখা যায়, অবতরণের ঠিক আগে দুটি হেলিকপ্টারের রোটর বা পাখার মধ্যে সংঘর্ষ হয়। এতে উড়োজাহাজ দুটি নিচের বরফে ঢাকা মাটিতে আছড়ে পড়ে। হেলিকপ্টার দুটি পরিচালনা করছিল ফিশটেইল এয়ার ও ডাইনেস্টি এয়ার। নেপালে পর্যটক, পর্বতারোহী ও প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহন এবং জরুরি উদ্ধারকাজে ছোট হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তবে দেশটির দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে সেখানে আকাশপথে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সোলুখুম্বু জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি বার্তা সংস্থা এএফপিকে বলেন, একজন বিদেশি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত আরেকজনকে হাসপাতালে নেয়া হয়েছে। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটির অবস্থান নেপালে। প্রতিবছর হাজার হাজার বিদেশি পর্বতারোহী ও ট্রেকার দেশটিতে ভিড় করেন। নেপাল ও প্রতিবেশী ভারতের পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার পরিচালনা অত্যন্ত কঠিন।

এসব উচ্চতায় বাতাসের ঘনত্ব কম থাকায় উড্ডয়ন ও অবতরণে নানা সমস্যা তৈরি হয়। বাতাস পাতলা হলে হেলিকপ্টারের রোটর ব্লেডের ধাক্কা দেয়ার মতো বায়ুকণার সংখ্যা কমে যায়। ফলে উড্ডয়নের জন্য প্রয়োজনীয় উত্তোলনক্ষমতা বা লিফট উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। একই সঙ্গে কম ঘনত্বের বাতাসে ইঞ্জিন পর্যাপ্ত অক্সিজেন পায় না, ফলে জ্বালানি দহন ব্যাহত হয় এবং ইঞ্জিনের কার্যক্ষমতা কমে যায়। কয়েক দিন আগেই ভারতের উত্তরাখণ্ডের বদ্রীনাথ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে পাইলট ও পাঁচ যাত্রীসহ ছয়জনই নিহত হন। বদ্রীনাথও একটি উচ্চ পার্বত্য এলাকা। সেখানে বাতাসের ঘনত্ব কম থাকায় উড়োজাহাজ চলাচল কঠিন হয়ে পড়ে।