হ্যালোইনের দিনই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন হলিউডের বর্ষীয়ান পরিচালক মাইকেল মান। শুটিং রেঞ্জে অনুশীলন করতে গিয়ে দুর্ঘটনাবশত নিজের পায়ে গুলিবিদ্ধ হন ‘হিট’খ্যাত এই নির্মাতা। শনিবার বিকেলে লস অ্যাঞ্জেলেসের একটি শুটিং রেঞ্জে ঘটে এ ঘটনা। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জরুরি পরিষেবার কর্মীরা। পরে অ্যাম্বুল্যান্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তবে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন পরিচালকের প্রতিনিধি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। পুলিশও ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে নিশ্চিত করেছে। ‘হিট’, ‘থিফ’, ‘দ্য ইনসাইডার’ ও ‘কল্যাটারাল’-এর মতো সিনেমা নির্মাণ করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন মাইকেল মান। বর্তমানে নিজের জনপ্রিয় সিনেমা ‘হিট’-এর সিক্যুয়েল ‘হিট ২’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। আগামী বছরের শুরুতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।
