যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগের দিন সোমবার ভোটারদের কাছে শেষবারের মতো নিজেদের বক্তব্য তুলে ধরেছেন কংগ্রেসের প্রার্থীরা। এ সময় মিশিগানে উত্তেজনা ছিল তুঙ্গে। সেখানে আবদুল আল-সাইয়েদ সিনেটে প্রথম মুসলিম নির্বাচিত হওয়ার লক্ষ্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের প্রচেষ্টা নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছরের জন্য মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে যখন লড়াই চলছে, তখন ভোটের আগের শেষ বড় ভাষণে ট্রাম্প গুরুত্ব দিয়েছেন লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলের সংস্কারকাজের প্রশংসায়। হোয়াইট হাউসে ফিরে আসার পর ওয়াশিংটনের যেসব সরকারি অবকাঠামো প্রকল্পকে তিনি অগ্রাধিকার দিয়েছেন, এটি তার অন্যতম।
আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন হচ্ছে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ডেমোক্রেটরা ব্যাপকভাবে এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে সিনেটের নিয়ন্ত্রণ নেয়ার ক্ষেত্রে তাদেরকে আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের আইন প্রণয়নের ক্ষমতা সীমিত হয়ে পড়বে। একই সঙ্গে তার প্রশাসনের বিরুদ্ধে যেকোনো ধরনের তদন্ত করার সুযোগ পাবে ডেমোক্রেটরা। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলে সুপ্রিম কোর্টসহ ফেডারেল আদালতগুলোতে ট্রাম্পের মনোনীত বিচারকদের নিয়োগ আটকে দেয়ার ক্ষমতাও পাবে বিরোধী দল ডেমোক্রেট। ফলে এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
সোমবার ট্রাম্প প্রশাসনের একটি প্রচেষ্টা নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তাদের অভিযোগ, ক্যালিফোর্নিয়ার ২০ হাজারের বেশি নিবন্ধিত ভোটার সম্ভবত মার্কিন নাগরিক নন। তাদের পাঠানো ডাকযোগে ভোট গণনা সাময়িকভাবে বন্ধ করতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয় দেশটির সর্বোচ্চ আদালত। ক্যালিফোর্নিয়া যুক্তি দিয়েছিল, অস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ফেডারেল মামলাটি ২০ হাজার ভোটারের ভোটাধিকার কেড়ে নিতে পারে। এ ছাড়া মার্কিন নন এমন নাগরিকদের শনাক্ত করার প্রক্রিয়ায় ভুল হওয়ার আশঙ্কাও রয়েছে। সোমবার আরেকটি আদেশে একজন মার্কিন বিচারক ট্রাম্প প্রশাসনকে ক্যালিফোর্নিয়ার এমন দাবি বন্ধ করার নির্দেশ দিয়েছেন, যাতে সন্দেহভাজন মার্কিন নন এমন নাগরিকদের তালিকায় থাকা ব্যক্তিদের দেয়া ভোট আলাদা করে রাখা হয়।
৮০ বছর বয়সী ট্রাম্প রিপাবলিকানদের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচার চালিয়েছেন। গত ৩২ দিনে তিনি ২০টি অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশ করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। তার শেষ নির্বাচনী কর্মসূচি ছিল ওয়াশিংটনের রিফ্লেক্টিং পুলের বিলম্বিত পুনরায় উদ্বোধন উপলক্ষে দেয়া ভাষণ। সেখানে সাবেক আবাসন ব্যবসায়ী ট্রাম্প ২০ মিনিটের বেশি সময় ধরে পাইপ, সংযোগস্থল, ফাঁক বন্ধ করার উপকরণ, গ্রানাইটের পুনঃপৃষ্ঠায়ন, শৈবাল এবং পানির লিকেজ নিয়ে আলোচনা করেন। ট্রাম্প বলেন, ওয়াশিংটনের জন্য আমাদের অনেক চমৎকার পরিকল্পনা রয়েছে। পুরো দেশ নিয়ে কথা বলতে পারি, কিন্তু সে জন্য আপনাদের হাতে যথেষ্ট সময় নেই। এ সময় হোয়াইট হাউসের ঘাস, তার নতুন মেরিন ওয়ান হেলিপ্যাড, একটি গলফ কোর্স এবং আদালতে চ্যালেঞ্জের মুখে থাকা বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন। নির্বাচন নিয়ে সংক্ষিপ্ত মন্তব্য করে ট্রাম্প বলেন, আপনারা যখন ভোট দেবেন, মনে রাখবেন- যে দল আমেরিকাকে ঘৃণা করে, তাদের আমাদের দেশ গড়ে তোলা মানুষের ওপর শাসন করতে দেয়া যায় না।
মিশিগানে উত্তেজনা তুঙ্গে: মিশিগানে ডেমোক্রেট প্রার্থী আল-সাইয়েদ একজন চিকিৎসক ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সিনেটে প্রথম মুসলিম নির্বাচিত হওয়ার চেষ্টা করছেন। তাদের হাড্ডাহাড্ডি সিনেট প্রতিদ্বন্দ্বিতা গত সপ্তাহান্তে আরও উত্তপ্ত হয়ে ওঠে। ডেমোক্রেট প্রাইমারিতে আল-সাইয়েদের কাছে পরাজিত মার্কিন প্রতিনিধি হ্যালি স্টিভেন্স রিপাবলিকান প্রার্থী রজার্সকে সমর্থন দেয়ার ঘোষণা দেন। ওদিকে রিপাবলিকান দলে যোগ দিতে হ্যালিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পর আল-সাইয়েদের নির্বাচনী প্রচারশিবির জানায়, রোববার তারা ২৪ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছে। ক্ষুদ্র অঙ্কের অনুদানের মাধ্যমে এক দিনে এটিই তাদের সর্বোচ্চ তহবিল সংগ্রহ। মিশিগান অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য আলাবাস ফরহাদ বলেছেন, স্টিভেন্সের সমর্থন ঘোষণায় ডেমোক্রেট ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে। তিনি আরব-আমেরিকানদের বড় একটি জনগোষ্ঠীর বসবাসের শহর ডিয়ারবর্নে আগাম ভোটের হার বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেন। ফরহাদ বলেন, দলের সঙ্গে এই বিশ্বাসঘাতকতার মাধ্যমে তিনি দলের সমর্থকদের মধ্যে নতুন আগুন জ্বালিয়ে দিয়েছেন। এখন তারা ভোট দিতে যাবেন। মিশিগানে জন্ম নেয়া মিশরীয় বংশোদ্ভূত মুসলিম আল-সাইয়েদকে ট্রাম্প ও অন্যান্য রিপাবলিকান নেতারা টার্গেট করেছেন। তারা যুক্তরাষ্ট্রের প্রতি তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ভিত্তিহীনভাবে তাকে সন্ত্রাসবাদের সমর্থক বলে আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতি তার আনুগত্য নিয়ে প্রশ্ন তোলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন আল-সাইয়েদ। মৌখিক এসব আক্রমণ মুসলিম ও ট্রান্সজেন্ডারদের লক্ষ্য করে উসকানিমূলক বক্তব্য দেয়ার বৃহত্তর প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে ডেমোক্রেটদের কমিউনিস্ট ও বিপজ্জনক উগ্রপন্থী হিসেবে তুলে ধরার প্রচেষ্টাও এর অংশ। ডেট্রয়েটের উপশহর মিশিগানের স্টার্লিং হাইটসে মাইক রজার্সকে সমর্থন করা কয়েকজন ভোটার মুসলিমবিদ্বেষী মনোভাব প্রকাশ করেছেন। ৬৫ বছর বয়সী নর্ম নিকোলস আল-সাইয়েদকে ‘দুর্ভাগ্যজনকভাবে’ মুসলিম সম্প্রদায়ের অংশ বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমার মনে হয়, তাদের একটি অংশ যুক্তরাষ্ট্রে আক্রমণ চালিয়ে ভেতর থেকে দেশটির নিয়ন্ত্রণ নেয়ার প্রবণতা রাখে। আরেক ভোটার ৬৫ বছর বয়সী ক্যারোলিন ক্লাও বলেন, আমি কি বিশ্বাস করি, তিনি যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদ চালাবেন? হ্যাঁ।
নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা ট্রাম্প প্রশাসনের: আলাস্কায় নির্বাচনী বিরোধেও হস্তক্ষেপের চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন। রোববার এক ফেডারেল বিচারক যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একটি মামলা খারিজ করে দিয়েছেন। মামলায় বলা হয়েছিল, রিপাবলিকান বর্তমান সিনেটর ড্যান এস সুলিভান অল্প ব্যবধানে পরাজিত হলে আলাস্কার নির্বাচনী ফলাফলের আনুষ্ঠানিক স্বীকৃতি আটকে দিতে হবে। বিচার বিভাগের যুক্তি, একই ব্যালটে ড্যানিয়েল জে সুলিভান জুনিয়র নামে আরেক প্রার্থী থাকায় ভোটাররা বিভ্রান্ত হতে পারেন। আলাস্কায় দুই সুলিভানের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নির্বাচনী প্রচারে উত্তেজনা তৈরি হয়েছে। গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ডেমোক্রেট প্রার্থী মেরি পেলটোলার নির্বাচনী প্রচারশিবির প্রতিদ্বন্দ্বিতায় প্রভাব ফেলতে ড্যানিয়েল জে সুলিভান জুনিয়রকে প্রার্থী হতে উৎসাহিত করেছিল। রোববার সিনেটর ড্যান সুলিভান বলেছেন, মঙ্গলবারের নির্বাচনের ফলাফল তিনি মেনে নেবেন। তবে এ বিষয়ে ট্রাম্প প্রশাসন ফৌজদারি তদন্ত চালিয়ে যাচ্ছে। পেলটোলা এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। সুলিভান জুনিয়রও পেলটোলার নির্বাচনী প্রচারশিবিরের সঙ্গে সমন্বয়ের কথা অস্বীকার করেছেন।
আলাস্কায় রিপাবলিকান সিনেটের স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েল জে সুলিভান জুনিয়রকে সমর্থন করা এক ব্যক্তিকে তার দেয়া ৫০০ ডলারের অনুদান নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন এফবিআইয়ের কর্মকর্তারা। আলাস্কার পিটার্সবার্গ শহরের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত মৎস্য জীববিজ্ঞানী ব্যারি ব্র্যাকেন জানান, শুক্রবার দুজন এফবিআই কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি বলেন, তারা জানান, সম্ভাব্য জালিয়াতির বিষয়ে তদন্ত করছেন। আর জানতে চান, আমি কি ইচ্ছাকৃতভাবে (ড্যানিয়েল জে সুলিভান জুনিয়রের) নির্বাচনী প্রচারে অনুদান দিয়েছি? ব্র্যাকেন বলেন, আমি বলেছি, হ্যাঁ। এরপরই তারা চলে যান।
