গঙ্গার পানি না আসলে ভারতের পণ্য বাংলাদেশে আসবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার জাতীয় যুব দিবস উপলক্ষ্যে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, যদি বাংলাদেশে পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না। যদি বাংলাদেশে পানি না আসে তাহলে কোনো করিডর হবে না। কোন ট্রানজিট হবে না। যদি বাংলাদেশের নদীতে পানি না আসে তাহলে ভারতীয় কোনো চ্যানেল বাংলাদেশে চলবে না। মাওলানা ভাষানীর ইতিহাসকে স্মরণ করতে চাই—তিনি ঐতিহাসিক ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিলেন। ইনশাআল্লাহ যদি এরকম কিছু হয় আমরা আবারো লং মার্চের জন্য প্রস্তুত আছি।
তিনি বলেন, সরকার এখন বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরছে ঋণের জন্য। কিন্তু সরকারকে কেউ বিশ্বাসও করছে না, ঋণ দিচ্ছে না। জাপান আমাদের বন্ধু রাষ্ট্র, জাপান বাংলাদেশে ইনভেস্ট করেছে অতীতেও। কিন্তু এই মাতারবাড়ি নিয়ে সরকার জাপানের সাথে কী কী চুক্তি করেছে এটা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। কোনো ধরনের ধোঁয়াশা না রেখে সংসদে আলোচনা ব্যতীত আমরা বাংলাদেশে কোনো জাতীয় চুক্তি পাস করতে দেব না। এই চুক্তিতে ভারতকে কোনো ধরনের অবৈধ করিডরের ট্রানজিটের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে এটা বাংলাদেশের জনগণ রুখে দেবে, ইনশাআল্লাহ।
সংবিধান বিষয়ে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধন নিয়ে সালাহউদ্দিন আহমদ মতামত চেয়েছেন। সালাহউদ্দিন সাহেবের কাছে আমাদের মতামত দেওয়ার কিছু নাই। উনি কে মতামত চাওয়ার? তারা এখন আলোচনার জন্য বিরোধী দলকে সেখানে যেতে বলছে, কিন্তু আলোচনা অনেক আগে, নির্বাচনের আগেই কমপ্লিট হয়ে গিয়েছে । এখানে নতুন করে আর কোনো আলোচনার কিছু নাই। এখন হচ্ছে বাস্তবায়নের সময়। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধানকে সংস্কার করতে হবে। এর অন্যথা কোনো কিছু হলে বাংলাদেশের জনগণ সেটা মানবে না। বাংলাদেশের বিরোধী দল সেটা মানবে না। বাংলাদেশের তরুণ প্রজন্ম শ্রমিকরা মানবে না।
শ্রমিকদের আন্দোলন নিয়ে নাহিদ ইসলাম বলেন, শ্রমিকরা ন্যায্য মজুরির জন্য আন্দোলন করছে। সরকার সরকারি চাকরিজীবীদের বেতনভাতা বাড়িয়েছে। কিন্তু শ্রমিক আর বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। আমরা এ বৈষম্য মানি না। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে সভাপতিত্ব করেন যুবশক্তির আহবায়ক এডভোকেট তারিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন যুবশক্তির সদস্যসচিব ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।
গঙ্গার পানি না আসলে ভারতের পণ্য বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১ নভেম্বর (রবিবার), ২০২৬, ১০ঃ৩১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
