স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ফন্ট সাইজ:

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। রোববার স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তানজানিয়ায় অনুষ্ঠিত ১৫৩ তম সম্মেলনে আইপিইউ এর এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সমর্থন করার জন্য পাকিস্তান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাক্ষাৎকালে তারা উভয়েই দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধির সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। তাছাড়াও পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের বিষয়ে উভয়েই মতবিনিময় করেন।

স্পিকার এসময় আসন্ন সংসদ অধিবেশনে পাকিস্তানের হাইকমিশনারকে অধিবেশন পর্যবেক্ষণ করার জন্য আমন্ত্রণ জানান। পাকিস্তানের স্পিকারের আমন্ত্রণে আগামী ২৩শে নভেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তান সফর করবেন। বৈঠকে পাকিস্তান হাইকমিশনের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।