পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার সচিবালয়ে এই ঘোষণা দেন তিনি। শ্রমমন্ত্রী বলেন, ‘পোশাকশ্রমিকদের দাবি ছিলো মজুরি বোর্ড। আজকে তাদের মজুরি বোর্ড গঠন করা হল। তাদের দেওয়া প্রতিনিধিত্বকারী সদস্যকে নিয়েই বোর্ড গঠন করা হলো।’
এখন পোশাকশ্রমিকরা রাস্তা ছেড়ে কলকারখানায় যোগ দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
একজন জ্যেষ্ঠ বিচারপতি বোর্ডের চেয়ারম্যান হবেন। বোর্ডের বাকি পাঁচ সদস্য হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকদের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব, শ্রমিকদের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার।
মন্ত্রী বলেন, ‘যারা মজুরি বোর্ডে সদস্য হয়েছেন তাদের প্রতি আহ্বান থাকবে যত দ্রুততম সময়ের মধ্যে তারা মজুরি ঘোষণা করবেন।’
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘এখন তারা আশা করি রাস্তা ছেড়ে তাদের কলকাখানায় যোগদান করবেন।’
তিনি আরও বলেন, ‘এটাকে একটা সামনে রেখে ভেতরে আরেকটা আরেকটা গ্রুপ তাদের ফায়দা হাসিল করার জন্য চেষ্টা করছে।’
এর পেছনে বিদেশি চক্রান্ত বা ইন্ধন আছে কী না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকের ঘটনা যদি পর্যালোচনা করেন তাতে আপনারাই ভালো বিশ্লেষণ করতে পারবেন। আমার মনে হয় জনগণ এবং আপনারা যদি আমরা সবাই সজাগ থাকি তাহলে সেই উদ্দেশ্য হাসিল করতে পারবে না।’
