স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বালিশচাপায় শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী মর্তুজ আলী (৫০)কে গ্রেপ্তার করেছেন পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ধর্মতীর্থ গ্রামের চাকসার এলাকায় এ ঘটনা ঘটে। পরে শনিবার শাশুড়ি সাফিয়া খাতুন (৬৫) বাদী হয়ে মর্তুজকে আসামি করে সরাইল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ, পরিবার ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ৩০ বছর আগে চাকসার এলাকার জুম্মত আলীর ছেলে মর্তুজের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শাহিদ মিয়ার মেয়ে নিলুফা বেগমের (৪৭) বিয়ে হয়। বর্তমানে নিলুফা ৩ সন্তানের জননী। মর্তুজ দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী।

সেখানে কুষ্টিয়ার বাসিন্দা সৌদি প্রবাসী এক মহিলার সঙ্গে পরিচয় হলে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। গত এক মাস আগে বাড়িতে এসে মর্তুজ মুঠোফোনে ওই মহিলার সঙ্গে সবসময় কথা বলতে থাকে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। গত শুক্রবার রাত দেড়টার দিকে ঝগড়ার একপর্যায়ে স্ত্রীর মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন মর্তুজ। খবর পেয়ে পুলিশ নিলুফার লাশ উদ্ধার করে স্বামীকে গ্রেপ্তার করে। নিলুফার খালাতো ভাই হারুন অর রশিদ বলেন, মর্তুজ সৌদি আরবে বাংলাদেশি মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া করছে। বোনকে টাকা না দিয়ে ওই মহিলাকে টাকা দিতো। এসব নিয়ে আপত্তি করায় পরিকল্পিতভাবে বোনকে হত্যা করা হয়েছে। সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। স্বামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।