সৌদি আরবে অগ্নিকাণ্ড

পাঁচজনের মরদেহ নওগাঁয়

ফন্ট সাইজ:

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাকি পাঁচজনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে মরদেহগুলো লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে নওগাঁর নিজ নিজ গ্রামে এসে পৌঁছায়। বাদ আসর নিহত শাহিনের মরদেহ স্থানীয় শুরছুলা স্কুলে নামাজে জানাজা শেষে বাইতুন নুর কবরস্থানে দাফন করা হয়েছে। এ ছাড়া, একই সময়ে আত্রাই উপজেলার ডুবাই গ্রামের হাসিবুল হাসান শুভর মরদেহ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তবে এই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের সজিব ও সাধনগর গ্রামের সাগর আলীর মরদেহ রোববার সকাল ১০টায় দাফন করা হবে বলে জানিয়েছেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মুনিরুজ্জামান।

এর আগে, এদিন সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে মরদেহগুলো সৌদি আরব থেকে বাংলাদেশে আসে। মরদেহগুলো গ্রামে পৌঁছানোর পর স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। প্রিয় মুখগুলোকে এক নজর দেখতে লাশবাহী এম্বুলেন্সের পাশে ভিড় করতে থাকেন নিহতের স্বজন এবং স্থানীয়রা। সৌদি আরবের রিয়াদের সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে গত ৯ই আগস্ট ১৬ বাংলাদেশি প্রবাসী মৃত্যুবরণ করেন। এর মধ্যে ১২ জনের বাড়িই নওগাঁ জেলায়। গত ২৭শে আগস্ট ৯ জনের মরদেহ দেশে আসে। এরপর বাকি ৭ জনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। ৭ জনের মধ্যে পাঁচজনের বাড়ি নওগাঁ জেলায়। এই পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় এবং একজনের বাড়ি নওগাঁ সদর উপজেলায়।

সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া নওগাঁর বাকি পাঁচজন হলেন- নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী। এ ছাড়া, অপর দু’জন হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুর গ্রামের রব্বানীর ছেলে সাব্বির হোসেন এবং দিঘীরপাড় গ্রামের জাকের আলীর ছেলে শামিম।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মরদেহগুলো বিনা খরচে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করা হবে।