চোর সন্দেহে পিটিয়ে হত্যা

ফন্ট সাইজ:

দিনাজপুরের ফুলবাড়ীতে গরু চোর সন্দেহে রুহুল আমিন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। গোয়ালঘর থেকে ছেড়ে যাওয়া একটি গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী গ্রামের নাউয়ার মোড় এলাকায় মারধরের শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহত রুহুল আমিন অম্রবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি।

জানা যায়, অম্রবাড়ী এলাকার বাসিন্দা সামিউল মুন্সির একটি গরু গোয়ালঘর থেকে ছুটে যায়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গরুটি নিয়ে ফুলবাড়ী পৌরবাজারের দিকে যাচ্ছিলেন একই গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ (২৭)। এ সময় স্থানীয় কয়েকজন তাকে আটক করে গরু চুরির সন্দেহে অম্রবাড়ী গ্রামের নাউয়ার মোড় এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। এ সময় খোরশেদের চাচাতো ভাই রুহুল আমিন মারধরের প্রতিবাদ করলে তাকেও চোর সন্দেহ করে বেধড়ক মারধর করা হয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত অন্য চারজন হলেন- অম্রবাড়ী গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০), তার ছেলে মহিন আলী (২০), মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ (২৭) ও তার ভাই রাশেদ ইসলাম (৩০)। তারা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদিকে শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা যায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গরু চোর সন্দেহে অম্রবাড়ী এলাকায় স্থানীয় কয়েকজনের মারধরে রুহুল আমিন গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ এখনো এলাকায় পৌঁছায়নি। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।