গাজীপুরের টঙ্গীতে আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে থানা পুলিশ। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়েছে। বাপ্পির দাবি- ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার চেষ্টা করছেন তিনি। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগার আলেক টেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি-টঙ্গী জোন) মো. এরশাদুল রহমান জানান, গোপন সংবাদে কয়েকদিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করছিল পুলিশ। পরে রাতে অভিযান চালিয়ে বাড়িতে গড়ে তোলা ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়। গ্রেপ্তার বাপ্পির দাবি- প্রেমের বিরহে নিঃস্ব হয়ে পড়ার পরই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন তিনি। পরে ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে ইয়াবা তৈরি শুরু করেন। স্থানীয়রা জানায়, নাজমুল ওই এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের বড় ছেলে। কয়েক বছর আগে বিদেশ থেকে দেশে ফেরার পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন।
