রংপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়ার উন্নয়নে ৪ হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার

ফন্ট সাইজ:

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়ার উন্নয়নে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ৩ বিঘা থেকে ৮ বিভাগ খাস জমি নিয়ে সংস্কার করে তা খেলার মাঠ উপযোগি করে গড়ে তোলা হবে। আগামী ৫ বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে। ভবিষ্যত প্রজন্ম, যুব ও যুব নারীদের জন্য আমরা খেলার মাঠ উন্মুক্ত করে দেব। শনিবার দুপুরে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৮ বিভাগের স্টেডিয়ামে ইনডোর ফ্যাসিলিটিজ, সুইমিংপুল স্থাপনসহ সংস্কার কাজ করা হবে। আমরা প্রকল্প প্রস্তাবনা তৈরী করে বাস্তবায়নের কাজ শুরু করেছি। সেটি বাস্তবায়ন হলে আশা করছি অবকাঠামোগত সংকট দূর হবে। দূর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়ে তিনি বলেন, দূর্নীতি তদন্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কয়েকটি কমিটি করা হয়েছে। বিসিবি থেকে শুরু করে ফেডারেশনগুলোতে নানা অভিযোগ রয়েছে। আমাদের পাশাপাশি দুদকও কাজ করছে। প্রতিটি ক্রীড়া সংস্থা, ফেডারেশনকে জবাবদিহিতার আওতায় আনা হবে। সেই সাথে দূর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আগামী বছর জানুয়ারী থেকে ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, আর্চারী, শুটিংসহ ১৫টি ইভেন্ট দিয়ে খেলাধুলার ক্যালেন্ডার তৈরী করা হবে। এই ক্যালেন্ডারের বছরব্যাপী বয়সভিত্তিক খেলাধুলা ও সিনিয়র লেভেলের খেলোয়াররা অংশ নেবে।

আমরা খেলাধুলাকে পেশা হিসেবে নিশ্চিত করতে চাই। তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পরিবর্তন নিশ্চিত করতে চাই। নতুন কুড়ি স্পোটর্সের প্রথম আসর সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে ৫০৩টি উপজেলায় অনলাইনে তা উদ্বোধন করবেন। এছাড়া ভবিষ্যতের ক্রীড়াবীদ তৈরীতে প্রথম আসরের ৩০৬ জনের মধ্যে ৪০ জনকে নির্বাচিত করে স্থায়ীভাবে বিকেএসপিতে পড়াশুনা করানোর উদ্যোগ নেয়া হয়েছে। আমরা সেখানে গ্রাজুয়েশন পর্যন্ত পরিপূর্ণ খেলোয়ার হিসেবে তাকে প্রতিষ্ঠিত করবো। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা বেগম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানাসহ অন্যরা। এ সময় প্রতিমন্ত্রী ২০ দিনব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।