ময়মনসিংহে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী কারাগারে

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা, সন্ত্রাসী কার্যক্রম ও সরকারবিরোধী মিছিলে সম্পৃক্ততার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলোÑ উপজেলার আক্কাছ আলীর ছেলে ও রাজিবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী হৃদয় মিয়া (২১), রোকেল মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী নাঈম (১৯), আব্দুল হেকিমের ছেলে ছাত্রলীগ কর্মী বায়েজিদ আলম (২০), মৃত ছয়েব আলীর ছেলে ছাত্রলীগ কর্মী আনোয়ারুল ইসলাম সুজন (২০), বায়েজিদ উল্লাহ’র ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী আনসার উল্লাহ (২৮) বাদল মিয়ার ছেলে ও আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মিজানুর রহমান (২৮) এবং মৃত ছফির উদ্দিনের পুত্র জয়নাল আবেদিন (৫৯), তিনি জাটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শনিবার বিকালে গ্রেপ্তারকৃত ৭ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান জানান, গ্রেপ্তারকৃত আসামি পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে সরকারবিরোধী মিছিলের নেতৃত্ব দেয়া, সন্ত্রাসী কার্যক্রম এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে আসছিল। পূর্বে সংগঠিত মিছিলের মামলায় তাদের সক্রিয় অংশগ্রহণের সুস্পষ্ট তথ্য প্রমাণ রয়েছে। তিনি আরও বলেন, সন্ত্রাসবিরোধী আইনে আগে করা পৃথক দু’টি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।