আমতলীতে পুড়ে ছাই ৪ দোকান

ফন্ট সাইজ:

বরগুনার আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সকাল অনুমান ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন সদর রোডে অবস্থিত বাহার লাইব্রেরি থেকে আগুনের সূত্রপাত হয়ে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে আমতলী ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে আশপাশে থাকা ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে বাহার লাইব্রেরি ছাড়াও মিলনের গার্মেন্টস, নুরুল আমিনের কসমেটিসের দোকান ও সুখরঞ্জন শীলের একটি সেলুন পুড়ে ছাই হয়ে গেছে। আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মাহবুব হোসেন বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাতের বিষয়টি এখনি বলা সম্ভব না। আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সরকারি সহায়তা প্রদান করা হবে।