কুমিল্লা বোর্ডে দ্বিতীয় ফেনী

ফন্ট সাইজ:

এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলার মধ্যে পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফেনী। জেলায় এবার পাসের হার ৫২ দশমিক ১৬ শতাংশ। পরীক্ষায় অংশ নেয়া ৯ হাজার ৪৭১ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৯৪০ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৪১ জন। শনিবার বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষার ফলাফল সংক্রান্ত এসব তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। ঘোষিত ফলাফলে দেখা যায়, ফেনী জেলার ৪১টি কলেজের শিক্ষার্থীরা ১১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৮৭২ জন এবং ছাত্রী ৫ হাজার ৫৯৯ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১ হাজার ৬৭৮ জন এবং ছাত্রী ৩ হাজার ২৬২ জন।

ফলাফলে ছাত্রীদের পাসের হার ৫৮ দশমিক ২৬ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৪৩ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ, ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ১৪ দশমিক ৯২ শতাংশ বেশি। বোর্ড সূত্রে জানা যায়, পাসের হারে ফেনীর উপরে রয়েছে শুধু কুমিল্লা জেলা। কুমিল্লায় পাসের হার ৫৩ দশমিক ৫২ শতাংশ। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ দশমিক ১৫, চাঁদপুরে ৪৫ দশমিক ৩৫, লক্ষ্মীপুরে ৪১ দশমিক ২৯ এবং নোয়াখালীতে ৩৮ দশমিক ৯০ শতাংশ। অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফলে এবার ৪৮ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

বোর্ডের অধীনে ১৯৩টি কেন্দ্রে ৪৫৬টি কলেজের মোট ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার ২৭২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসিতে বিগত বছরের চেয়ে পাসের হার এবার কিছুটা কমেছে। ২০২৫ সালে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ ৫ পায় দুই হাজার ৭০৭ জন। বোর্ডের নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বলেন, ইংরেজি ও উচ্চতর গণিতে ফেলের হার বেশি থাকায় এবার মোট ফলাফলে প্রভাব পড়েছে।