নেত্রকোণায় এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার ফলাফলে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। শতভাগ অকৃতকার্য এসব প্রতিষ্ঠানের চারটি কলেজ এবং একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রতিষ্ঠানগুলোর সব পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। জেলা শিক্ষা অফিসের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলের তালিকা থেকে এ তথ্য জানা গেছে। জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, নেত্রকোণা জেলার ১০টি উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৩৭২৪ জন। যার মধ্যে কৃতকার্য হয়েছে ৫৮৪৮ জন ও অকৃতকার্য হয়েছে ৭৮৭৬ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭০ জন শিক্ষার্থী। জেলায় সর্বোচ্চ পাসের হার ধরে রেখেছে নেত্রকোণা সদর উপজেলা। এখানে পাসের হার ৫১ দশমিক ৬৮ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন শিক্ষার্থী। অন্যদিকে, বারহাট্টায় পাসের হার সবচেয়ে কম ৩০ দশমিক ২০ শতাংশ। এ ছাড়াও কেন্দুয়ায় ৪৯ দশমিক ৪৬, খালিয়াজুরীতে ৪৮ দশমিক ৮৯, পূর্বধলায় ৩৭ দশমিক ৩৮, মোহনগঞ্জে ৩৬ দশমিক ৬৯, দুর্গাপুরে ৩৫ দশমিক ৪০, মদনে ৩২ দশমিক ১২, আটপাড়ায় ৩১ দশমিক ৫৭ পাসের হার উল্লেখ করা হয়েছে। জেলায় শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি প্রতিষ্ঠান হচ্ছে- গোপালপুর মডেল কলেজ (কেন্দুয়া), কলমাকান্দা মহিলা কলেজ (কলমাকান্দা) ও খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (পূর্বধলা), এম্বিশন মডেল কলেজ (পূর্বধলা) ও জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ (পূর্বধলা)। ফলাফলে দেখা যায়, জেলা জুড়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা উত্তীর্ণদের চেয়ে অনেক বেশি। বিশেষ করে শতভাগ অকৃতকার্য পাঁচটি প্রতিষ্ঠানের ফলাফল শিক্ষার মান ও প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তৈরি করেছে। ফলাফলের বিষয়টি নিশ্চিত করে নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মুনমুন জাহান লিজা বলেন, শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
নেত্রকোণায় পাসের চেয়ে ফেল বেশি
নেত্রকোণা প্রতিনিধি
১ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
