উল্লাপাড়ার চন্দ্রগাঁতী মাদ্রাসায় কেউ পাস করেননি

ফন্ট সাইজ:

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের আলিম পরীক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চন্দ্রগাঁতী সিনিয়র আলিম মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থী পাস করেননি। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও পাঠদান কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। মাদ্রাসাটির অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, মফস্বল এলাকায় প্রতিষ্ঠানটির অবস্থান হওয়ায় শিক্ষার্থীরা বছরের বেশির ভাগ সময়ই ক্লাসে আসে না। লেখাপড়ার প্রতিও তাদের তেমন মনোযোগ নেই। অভিভাবকদের বারবার তাগিদ দেয়া হলেও তারা সন্তানদের নিয়মিত মাদ্রাসায় পাঠান না। তিনি আরও জানান, পরীক্ষার্থীদের বেশির ভাগই আরবি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের বিশ্বাস জানান, কোনো শিক্ষার্থী পাস না করায় মাদ্রাসাটির অধ্যক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। পাশাপাশি বিষয়টি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হবে।