সিরাজগঞ্জ পৌর শহরের এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় একজন মাত্র পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। শনিবার সকাল ১১টার দিকে ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন। স্থানীয়রা জানান, হাতেগোনা দু’-একজন নিয়মিত শিক্ষার্থী নিয়ে কোনোরকমে চলছে ওই প্রতিষ্ঠান। কলেজের শিক্ষকরাও নিয়মিত আসেন না। ক্লাসও ঠিকমতো হয় না। এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধান ও কিছু শিক্ষক নানা অনিয়মে জড়িয়ে পড়ায় বেশির ভাগ অভিভাবক সেখানে তাদের ছেলে-মেয়েদের ভর্তি করান না। কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মানবজমিনকে বলেন, কলেজে শিক্ষক না থাকায় এবার একজন শিক্ষার্থীই পরীক্ষায় অংশ নিয়েছিল।
কিন্তু সেও একটি বিষয়ে ফেল করেছে। কলেজটিতে ৫ জন শিক্ষক থাকলেও তারা নিয়মিত আসেন না বলে জানিয়ে অধ্যক্ষ আরও বলেন, কলেজের উচ্চ মাধ্যমিকে ৬ জন ও মাধ্যমিক স্তরে ১৭৪ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে, কলেজ শাখা শিক্ষক ও শিক্ষার্থী সংকটে একদম বন্ধের উপক্রম হচ্ছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন। জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম মানবজমিনকে বলেন, বিষয়টি জেনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
