পরীক্ষায় অকৃতকার্য হয়ে সাতক্ষীরায় শিক্ষার্থীর আত্মহত্যা

ফন্ট সাইজ:

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ১ নম্বর ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হৃদয় ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিল হৃদয়। পরিবারের অজান্তে শনিবার দুপুরে নিজ বাড়িতে সে আত্মহত্যা করে। এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে মরদেহ উদ্ধারের সময় পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে হৃদয় পরীক্ষার ফলাফল নিয়ে হতাশার কথা উল্লেখ করে বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়েছে। ফলাফলের জন্য নিজের পরিশ্রমের কথা জানিয়ে চিরকুটে সে শিক্ষকের ভুলের বিষয়েও আক্ষেপ প্রকাশ করেছে। স্থানীয় বাসিন্দা শেখ ইয়াসিন বলেন, খবরটি ছড়িয়ে পড়ার পর পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে। হৃদয় অত্যন্ত ভালো ছেলে ছিল। তার এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও উদ্ধার হওয়া চিরকুট পর্যালোচনায় ঘটনাটি আত্মহত্যা বলে প্রতীয়মান হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। থানায় অপমৃত্যু মামলা (ইউডি) দায়েরের প্রস্তুতি চলছে।