সংসদ সদস্যের বিরুদ্ধে অপপ্রচার সুনামগঞ্জে বিক্ষোভ

সংসদ সদস্যের বিরুদ্ধে অপপ্রচার সুনামগঞ্জে বিক্ষোভ

ফন্ট সাইজ:

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, রাস্তার সংস্কারকাজে অনিয়ম ও নিম্নমানের কাজের বিষয়টি তুলে ধরায় সংসদ সদস্যের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সুনামগঞ্জ-কাছিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের পাঁচ কিলোমিটার সংস্কার ও দু’টি সেতু নির্মাণে ৪০ কোটি টাকা ব্যয় হওয়ার কথা থাকলেও সেখানে ৮৭ কোটি টাকার পুনঃপ্রাক্কলন তৈরি করে লুটপাটের আয়োজন করা হয়েছে।

বক্তারা আরও বলেন, এখানে পুকুর চুরি নয়, হয়েছে সাগর চুরি। ইতিমধ্যে ৪৩ কোটি টাকা তুলে নেয়া হয়েছে। অথচ চলমান কাজও হচ্ছে নিম্নমানের। রাষ্ট্রীয় অর্থের এমন অপচয় ও অনিয়মের বিরুদ্ধে কথা বলায় সংসদ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার মেনে নেয়া যায় না। তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট ঠিকাদার ও তার সাব-ঠিকাদার সংসদ সদস্যের পাশাপাশি বিএনপি’র ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করছেন। এর প্রতিবাদ জানাতেই হাজার হাজার নেতাকর্মী রাজপথে নেমেছেন।
সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি ফারুক আহমদ লিলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপি’র সহ-সভাপতি নাদীর আহমদ, আকবর আলী, এডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক ও সাইফুল হাসান জুনেদ প্রমুখ। এদিকে, একই দাবিতে জেলার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার ছাত্রদলের ব্যানারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে।