ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চোরাচালানের ভারতীয় কম্বলসহ একটি কার্গো গাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার উকিলবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে ফারুকের খাবার হোটেলের সামনে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ভোলার লালমোহন উপজেলার চতলা গ্রামের আবদুল্লাহ আল মামুন (২৬) এবং গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা গ্রামের মারুফ হাসান (২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪২০ পিস ভারতীয় কম্বল, ছয় চাকার একটি ‘নিউ তামান্না’ কার্গো গাড়ি, একটি টেকনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩৯ লাখ ৯৭ হাজার ১৯৯ টাকা। ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব কম্বল ঢাকায় সরবরাহের উদ্দেশ্যে নেয়া হচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
