জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান মানার তাগিদ রিজভীর

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান মানার তাগিদ রিজভীর

ফন্ট সাইজ:

সংবিধান সংশোধন ও আইনি প্রক্রিয়া অনুসরণ না করে জুলাই সনদ বাস্তবায়নের দাবি গায়ের জোরের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জুলাই সনদের কিছু বিষয় সাধারণ আইন প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। আবার কিছু বিষয়ে সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে। সংবিধানের ধারাবাহিকতা ও আইনি কাঠামো উপেক্ষা করে যা বলা হবে, তা বাস্তবায়নের দাবি কোনো গ্রহণযোগ্য আইনি পথ হতে পারে না।
শনিবার দুপুরে রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অবিভক্ত সবুজবাগ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শামসুল হুদার স্মরণে মুগদা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠন এ সভার আয়োজন করে।

রিজভী বলেন, জুলাই সনদের বিভিন্ন বিষয়ে বিএনপিসহ একাধিক রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট বা আপত্তি রয়েছে। এসব বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে। কারও বক্তব্য না শুনে একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার রাজনীতি গ্রহণযোগ্য নয়। সংসদে আলোচনা ও সংবিধান সংশোধনের মাধ্যমেই সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধির প্রভাব বাংলাদেশেও পড়ছে। এ পরিস্থিতিতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে জ্বালানি ও গ্যাস আনার চেষ্টা চলছে। কলকারখানার উৎপাদন এবং সাধারণ মানুষের রান্নার ব্যবস্থা সচল রাখতে সরকার কাজ করছে। রাজধানীর লোডশেডিং পরিস্থিতিও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও বলেন, প্রান্তিক ও হতদরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। দারিদ্র্য কমানো ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি টয়োটার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কারখানা বাংলাদেশে স্থাপনের লক্ষ্যেও জাপানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলছে।
স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা বক্তব্য দেন।