তুরাগ নদে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির ভাসমান লাশ উদ্ধারের ঘটনায় মামলা করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম। শুক্রবার রাতে উত্তরখান থানায় এ মামলা করেন তিনি।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তাহসিফকে হত্যার অভিযোগ এনে তার বাবা একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।’ মামলাটি তাহসিফের লাশ উদ্ধারকারী ইউনিট নৌ-পুলিশ তদন্ত করবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। এরপর রাত ১টা ৩৫ মিনিটে মাকে মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে জানান, তিনি বাসায় ফিরছেন। তবে এরপর আর বাসায় ফেরেননি।
পরদিন বুধবার বিকালে তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ। তার সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ।
