নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ভুলে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় ছুটে গেলেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপি প্রার্থী মির্জা ফয়সাল আমীন। নির্বাচনে বিজয়ী হওয়ার পরদিন সকালে ফুলের তোড়া নিয়ে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় যান তিনি। সেখানে দুই নেতা সৌজন্য সাক্ষাৎ করেন, কুশল বিনিময় করেন এবং একে অন্যকে মিষ্টিমুখ করান। এ সময় তারা দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। শুক্রবার সকালে ফুলের তোড়া হাতে দেলাওয়ার হোসেনের বাসায় পৌঁছান মির্জা ফয়সাল আমীন। এ সময় তাকে স্বাগত জানান দেলাওয়ার হোসেন। পরে দু’জন একসঙ্গে বসে কুশল বিনিময় করেন। নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও ব্যক্তিগত সৌজন্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার এই উদ্যোগে তাদের মধ্যে আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। সাক্ষাৎকালে মির্জা ফয়সাল আমীন আগামীর ঠাকুরগাঁও গড়তে সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি একটি শান্তিপূর্ণ, উন্নত ও বৈষম্যহীন জনপদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তার মতে, এলাকার উন্নয়ন এবং মানুষের প্রত্যাশা পূরণে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
অন্যদিকে, জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনও ঠাকুরগাঁওয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন। এলাকার স্বার্থসংশ্লিষ্ট ইতিবাচক উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২৯শে অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমীন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণার পর তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
