রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু নভেম্বরের শেষ দিকে গ্রিডে যুক্ত হতে পারে ৩০০ মেগাওয়াট

ফন্ট সাইজ:

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদনের পর গতকাল সকাল ১১টায় কেন্দ্রটির প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ বা বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ ধাপ শুরু হয়। এর মধ্যদিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পথে আরও এক ধাপ এগোলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

সূত্রমতে, প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপের স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দেন বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসান। এ পর্যায়ে রিঅ্যাক্টরের ক্ষমতা ধীরে ধীরে বাড়ানো এবং বিভিন্ন কারিগরি ও নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করা হবে। সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নেয়া হবে। কেন্দ্রসংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কার্যক্রম সম্পন্ন হলে নভেম্বরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রাথমিক পর্যায়ে গ্রিডে যুক্ত হতে পারে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ।

এর আগে, গত ১১ই অক্টোবর রূপপুরের প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে নিয়ন্ত্রিত পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া শুরু হয়। পরবর্তী সময়ে ইউনিটটির বি-২ পর্যায়ের ফিজিক্যাল টেস্টসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয়া হয়। পরে বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী ধাপে যাওয়ার অনুমোদন মেলে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার সহযোগিতায় দু’টি ইউনিট নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দু’টি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। দীর্ঘদিনের নির্মাণকাজ, যন্ত্রপাতি স্থাপন, জ্বালানি লোডিং ও ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার পর প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের এ পর্যায়ে পৌঁছানোকে দেশের জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু হলেও এখনই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়নি। বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা, কমিশনিং ও নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।