ইনানীতে গ্যাসের আগুন ২০০ মিটার জুড়ে নিষেধাজ্ঞা

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন ঘিরে এবার ২০০ মিটার এলাকা জুড়ে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। গ্যাসের উৎস ও প্রকৃতি নির্ণয়ে বাপেক্সের নমুনা সংগ্রহ এবং পরিস্থিতি পর্যবেক্ষণের মধ্যে বৃহস্পতিবার রাতে এ নির্দেশনা জারি করেন উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে। গত ২৭শে অক্টোবর ছোট ইনানীর একটি বাড়ির আঙিনায় নলকূপ স্থাপনের জন্য মাটি খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। এরপর কয়েক দিন পেরিয়ে গেলেও আগুন নেভানো সম্ভব হয়নি। গ্যাসের নির্গমন বন্ধ না করে আগুন নেভানোর চেষ্টা করলে ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

উপজেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, গ্যাস নির্গমনের স্থান ও আশপাশে আগুন জ্বালানো, ধূমপান, দিয়াশলাই কিংবা লাইটার ব্যবহারসহ অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি করতে পারে এমন সব কর্মকাণ্ড নিষিদ্ধ। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান করা যাবে না। এর আগে গ্যাসের প্রকৃতি ও উৎস জানতে ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্যাসের নমুনাও সংগ্রহ করেন। তবে ভূগর্ভে গ্যাসের উৎস কোথায়, কী পরিমাণ মজুত রয়েছে এবং কতোদিন ধরে এর নির্গমন চলতে পারে- এসব বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায়নি। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় ঝুঁকিপূর্ণ এলাকাকে বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে ভাগ করে পর্যবেক্ষণ, গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের সম্ভাব্য উপায় পর্যালোচনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।