মানিকগঞ্জের ঘিওর বাজারের দুর্গামন্দির সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সংঘটিত এক আকস্মিক অগ্নিকাণ্ডে পাট, সরিষা ও তিলসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এই সর্বস্বান্ত হওয়ার ঘটনায় দীর্ঘদিনের ব্যবসায়িক পুঁজি হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাম প্রসাদ রায়। অগ্নিকাণ্ডের খবর শুনে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার দিবাগত ভোররাত সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঘিওর বাজারের দুর্গামন্দিরের পাশে আব্দুল আলীমের মালিকানাধীন একটি গুদাম ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে পাট, সরিষা ও তিলের ব্যবসা করে আসছিলেন রাম প্রসাদ রায়। বৃহস্পতিবার দিবাগত ভোররাত সাড়ে ৪টার দিকে হঠাৎ ওই গুদামের বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন গুদামে মজুত থাকা পণ্যের মধ্যে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়া মাত্রই ঘিওর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত ও কার্যকর প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এর ফলে বাজারের আশপাশের অন্যান্য দোকানপাট ও ঘনবসতিপূর্ণ স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ায় বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাম প্রসাদ রায় জানান, ঘটনার সময় গুদামে প্রায় ১২০ মণ পাট, ৩০ থেকে ৪০ মণ সরিষা এবং কয়েক মণ তিল মজুত ছিল। আগুনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাটের। সবমিলিয়ে তার প্রায় ৬ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। ?এ বিষয়ে ঘিওর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহিনুর আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
