হ্যালোইনের আগেই যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের দর্শনার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বহুল পরিচিত বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান হোয়াইট হাউসের খুব কাছ দিয়ে অস্বাভাবিক নিচু দিয়ে উড়ে যাওয়ায় চমকে যান সেখানে উপস্থিত অনেক মানুষ। ট্রাম্প প্রশাসনের প্রকাশ করা একটি ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দাঁড়িয়ে আছেন। তাদের সামনে দিয়ে ওয়াশিংটন মনুমেন্টের পাশ ঘেঁষে উড়ে যাচ্ছে এয়ার ফোর্স ওয়ান। বিমানটি হোয়াইট হাউসের দিকে এগিয়ে আসার সময় ট্রাম্পকে হাত নাড়তে দেখা যায়।
তবে বিমানটির অস্বাভাবিক নিচু দিয়ে উড়ে যাওয়ার দৃশ্য ওয়াশিংটনের বহু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার স্মৃতি এখনো যুক্তরাষ্ট্রের রাজধানীর মানুষের মনে গভীরভাবে রয়েছে। ওই দিন সন্ত্রাসীরা আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৭৭ ছিনতাই করে পেন্টাগনে আছড়ে ফেলে। এতে ১৮৪ জন নিহত হন।
এক্সে এক ব্যবহারকারী লিখেন, ‘ওয়াশিংটন ডিসিতে এ ধরনের বিমান উড়তে দেখতে আমি অভ্যস্ত। কিন্তু এবার ভয় পেয়েছি। এখানে মাথার ওপর দিয়ে কোনো যাত্রীবাহী বিমান এত নিচু দিয়ে উড়তে দেখলে তা বেশ খারাপ কোনো ঘটনার ইঙ্গিত বলেই মনে হতো। কী বিমান, তা বুঝতে আমার কয়েক মুহূর্ত লেগেছে।’
আরেকজন লিখেন, ‘এয়ার ফোর্স ওয়ানকে আমাদের মাথার এত নিচ দিয়ে উড়ে যেতে দেখে আমি এবং রাস্তার অন্য সবাই প্রায় হার্ট অ্যাটাকের মতো অবস্থায় পড়েছিলাম।’
ওয়াশিংটন ডিসির কর্মকর্তারাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। ডিসি কাউন্সিলের এক মুখপাত্র এক্সে লিখেন, ‘এই বিমান উড্ডয়নের বিষয়ে ওয়াশিংটন ডিসির কেন্দ্রীয় এলাকা, পেন্টাগন কিংবা জাতীয় বিমানবন্দরের কাউকে মাত্র ১৫ মিনিট আগে জানানো হয়েছিল। এতে আমাদেরসহ অনেকেই চমকে গেছেন।’
ওয়াশিংটন পোস্টের পর্যালোচনা করা ফ্লাইট-সংক্রান্ত তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ডিসির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটির উচ্চতা ছিল ৪০০ থেকে ১ হাজার ফুটের মধ্যে।
র্যাপিড রেসপন্স ৪৭ নামের একটি অ্যাকাউন্ট থেকেও আরেকটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, বিমানটি হোয়াইট হাউসের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বেশ কয়েকটি শিশু আকাশের দিকে তাকিয়ে রয়েছে।
ভিডিওতে হোয়াইট হাউস ভবনটিকে হ্যালোইন উপলক্ষে সাজানো দেখা যায়। ভবনের গায়ে লতাপাতা দিয়ে সাজসজ্জা করা হয়েছে এবং সেখানে ‘হ্যালোইন ২০২৬’ লেখা একটি সাইনবোর্ডও দেখা যায়।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ট্রাম্প হোয়াইট হাউসের সংবাদকর্মীদের জানান, বিমানটি ভবনের ওপর দিয়ে উড়ে যাবে।
তিনি বলেন, ‘সেখানে অনেক ছোট শিশু থাকবে। তাই বিষয়টি ভালো লাগবে। বেশ মজার হবে। আশা করি, আপনারাও সেখানে থাকবেন।’
