২০২৬ বিশ্বকাপের হতাশা ভুলে নতুন এক শুরুর লক্ষ্যে দল পুনর্গঠনে জোর দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচ দুটির জন্য ২৬ সদস্যের একটি তারুণ্যনির্ভর দল ঘোষণা করেছেন এই অভিজ্ঞ ইতালিয়ান কোচ। এ স্কোয়াডের ১৫ জনই অনূর্ধ্ব-২৩ বয়সী এবং ৯ জন অলিম্পিক দলের বয়সভিত্তিক ক্যাটাগরির।
দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার সফর সামনে রেখে বৃহস্পতিবার রিও ডি জেনিরোর ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) হেডকোয়ার্টার্সে এ দল ঘোষণা করেন আনচেলোত্তি। আগামী ১৪ই নভেম্বর সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের পর জাপানের সঙ্গে এটিই ব্রাজিলের প্রথম দেখা। তিনদিন পর ১৭ই নভেম্বর সেলেসাওরা লড়বে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে।
দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ গোলকিপার অ্যালিসন বেকারসহ বেশ কয়েকজন তারকা ফুটবলার। এ প্রসঙ্গে আনচেলোত্তি বলেন, ‘অ্যালিসনকে আমাদের পরীক্ষা করে দেখার প্রয়োজন নেই। আমরা তাকে খুব ভালোভাবেই চিনি। সে সেরা গোলকিপার। কোপা আমেরিকা শুরু হলে তাকে আবার ডাকা হবে, অন্যদের বেলাতেও একই কথা প্রযোজ্য। এখন সময় তরুণদের পর্যবেক্ষণ করা এবং তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করা।’
চেলসিতে যোগ দিলেও চলতি মৌসুমে খুব একটা নিয়মিত মাঠে নামতে পারেননি ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড এস্তেভাও। তবে ক্লাব ফুটবলে খেলার সুযোগ না পেলেও আনচেলোত্তির আস্থা ঠিকই ধরে রেখেছেন তিনি। কোচের সাফ কথা, ‘যতদিন পর্যন্ত আমরা বিশ্বাস করবো সে জাতীয় দলের উপকারে আসবে, ততদিন আমরা তাকে নজরে রাখবো। একজন ১৯ বছর বয়সী খেলোয়াড়ের স্বাভাবিক গতিতেই তাকে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে।’
এদিকে, ব্রাজিলের ঘরোয়া লীগের ক্লাবগুলোর বর্ণিল শিরোপা লড়াইকে সম্মান জানিয়ে পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো ও অ্যাটলেটিকো মিনেইরোর মতো শীর্ষস্থানীয় দলগুলোর খেলোয়াড়দের এই যাত্রার বাইরে রাখা হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘২০২৭ সাল পর্যন্ত আমাদের এই পুনর্গঠনের কাজটি চালিয়ে যেতে হবে, যাতে একটি নির্দিষ্ট দিক খুঁজে পাওয়া যায়। ২০২৮ সালের প্রথম প্রীতি ম্যাচ এবং বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগেই আমাদের একটি প্রতিষ্ঠিত দল দাঁড়িয়ে যাবে।’
এক নজরে ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: বেন্তো, লুকাস পেরি, পেদ্রো মরিসকো।
ডিফেন্ডার: আর্থার দিয়াজ, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালায়েস, জাইর কুনহা, জোনাথন জেসুস, ভ্যান্ডারসন, ভিতোর রেইস, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারায়েস, দানিলো, গাব্রিয়েল বন্তেম্পো, জোয়াও গোমেজ, মারলন গোমেজ।
ফরোয়ার্ড: আলিসন সান্তানা, আলান, এস্তেভাও, রাফিনহা, রায়ান, এনড্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।
