হাজারতম গোলের আরও কাছে রোনালদো

১৫ মিনিটের ‘পারফেক্ট হ্যাটট্রিক’

হাজারতম গোলের আরও কাছে রোনালদো

ফন্ট সাইজ:

সৌদি প্রো লীগে আরেকবার নিজের অপ্রতিরোধ্য রূপ দেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল খোলোদের বিপক্ষে ৫-৩ গোলের জয়ে অবিশ্বাস্য এক রাত কাটালো আল নাসর। ম্যাচে স্রেফ ১৫ মিনিটের ব্যবধানে দুর্দান্ত হ্যাটট্রিক তুলে নিয়ে ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৮৫-তে নিয়ে গেলেন দলের পর্তুগিজ অধিনায়ক। ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়া এখন তার জন্য কেবল সময়ের ব্যাপার, প্রয়োজন মাত্র ১৫ গোল।

ম্যাচে উত্তেজনা ছড়ায় শুরু থেকেই। জুলিয়েন ডমিঙ্গেস ১৬ মিনিটে আল খোলোদকে এগিয়ে দিলেও দ্রুতই সমতায় ফেরে আল নাসর। এরপর সাদিও মানে দলকে এগিয়ে দেন এবং প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরান আতোয়ান এসোম্বা। ম্যাচে যখন ২-২ সমতা, তখন ঠিক ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল তিনটি করে ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো।

যদিও এদিন জালে পাঁচবার বল পাঠান তিনি, যার মধ্যে দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। নিখুঁত হ্যাটট্রিকের এই প্রদর্শনীতে তার প্রথম গোলটি আসে বাঁ পায়ের টোকায়, দ্বিতীয়টি হেডে এবং তৃতীয় গোলটি ডান পায়ের শটে। ফুটবলীয় ভাষায় একে বলে ‘পারফেক্ট হ্যাটট্রিক’। ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন, ‘দারুণ জয়, দারুণ দলগত পারফরম্যান্স। হ্যাটট্রিক করে (দলকে) সাহায্য করতে পেরে ভালো লাগছে!’

ম্যাচে রোনালদোর এ সাফল্যের পেছনে বড় অবদান তার স্বদেশি মিডফিল্ডার জোয়াও ফেলিক্সের। তার দুর্দান্ত নৈপুণ্য থেকে আসা অ্যাসিস্টগুলো আল নাসরের জয়ের পথ সহজ করে দেয়। বিশেষ করে, আল নাসরের চার গোলের উৎসই ছিলেন এই ফেলিক্স।

আল নাসরের হয়ে প্রায় আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেলেন রোনালদো। চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন ৪১ বছর বয়সী মহাতারকা। এ নিয়ে লীগে ১০ ম্যাচে তার গোল ৮টি, সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে করেছেন ৯ গোল। সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো অনেকদূর এগিয়ে আছেন। তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির গোলসংখ্যা ৯৩৬, যেখানে মেসির অর্জন ৬২টি হ্যাটট্রিক। অর্থাৎ, মেসির চেয়ে ৪৯ গোলে এগিয়ে থেকে রেকর্ডবুকে রাজত্ব করছেন সিআরসেভেন।

রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি হ্যাটট্রিকের মালিক রোনালদোর জাতীয় দলের হয়ে হ্যাটট্রিক ১০টি। আল নাসরের হয়ে ৭টি, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে ৩টি করে হ্যাটট্রিক রয়েছে সিআরসেভেনের।