শনিবার বিক্ষোভ করবে জামায়াত

ঠাকুরগাঁও উপনির্বাচনের ফল প্রত্যাখ্যান

শনিবার বিক্ষোভ করবে জামায়াত

ফন্ট সাইজ:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, জালভোট, পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়া এবং কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। এসব অভিযোগে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

শুক্রবার বিকেলে কর্মসূচি পালনের কথা থাকলেও নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে তা এক দিন পিছিয়ে শনিবার নির্ধারণ করা হয়েছে। জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন জানিয়েছেন, শনিবার বিকেল সাড়ে চারটায় এ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও শহরের জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেন দেলাওয়ার হোসেন। তিনি অভিযোগ করেন, ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ও টাকা দিয়ে কেন্দ্রে এনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয়েছে। এ ছাড়া ভোটের হার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, কেন্দ্রগুলোতে ৫০ শতাংশ ভোটারের উপস্থিতি দেখা না গেলেও ফলাফলে ৬৪ শতাংশ ভোট পড়েছে বলে দেখানো হয়েছে।

পোলিং এজেন্টদের ওপর হামলা এবং ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিয়োগ নিয়েও অনিয়মের অভিযোগ করেন জামায়াতের এই প্রার্থী। পরে রাতে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আহত কর্মী-সমর্থকদের দেখতে যান তিনি।

অন্যদিকে, জামায়াতের অভিযোগকে ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তার ভাষ্য, শুরু থেকেই উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে জামায়াত।

এ বিষয়ে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের কর্মকর্তা এবং বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করেছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও উল্লেখ করার মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।