কিশোরগঞ্জে সড়কে প্রাণ গেল জেলা পরিষদের অফিস সহায়কের

কিশোরগঞ্জে সড়কে প্রাণ গেল জেলা পরিষদের অফিস সহায়কের

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জে বাসা থেকে বাইসাইকেলযোগে কর্মস্থল জেলা পরিষদে যাওয়ার পথে মুক্তার হোসেন (৫৬) নামে জেলা পরিষদের একজন অফিস সহায়ক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলা শহরের শোলাকিয়া এলাকার পপুলার হাসপাতাল সংলগ্ন মোড়ে সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের সংঘর্ষের মাঝে পড়ে গিয়ে তিনি মারা যান। নিহত মুক্তার হোসেন জেলার অষ্টগ্রাম উপজেলা সদরের অষ্টগ্রাম গ্রামের মন্নর আলীর ছেলে।

তিনি শহরের উকিলপাড়া এলাকায় বসবাস করতেন। প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, মুক্তার সকালে উকিলপাড়া এলাকার বাসা থেকে বেরিয়ে বাইসাইকেলযোগে তিনি শহরতলীর সতাল এলাকায় অবস্থিত জেলা পরিষদে যাচ্ছিলেন। পথে শোলাকিয়া এলাকার পপুলার হাসপাতালের মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ওই দুই যানবাহনের ঠিক মাঝখানে পড়ে যান তিনি। এতে মুক্তার গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান গভীর শোক প্রকাশ করেছেন।