চট্টগ্রামে ৪৯৪ কোটি টাকার সিগারেট তৈরির কাঁচামাল জব্দ

ফন্ট সাইজ:

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ১০ কনটেইনারে ১৫০ টন কাঁচা তামাক জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা তামাক দিয়ে প্রায় ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন করা সম্ভব। এসব সিগারেটের সম্ভাব্য খুচরা বাজারমূল্য ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা। বৃহস্পতিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেডের বন্ড সুবিধায় পাকিস্তান থেকে চালানটি আমদানি করা হয়েছিল। চালানটির প্রাথমিক পর্যালোচনায় আমদানি মূল্যে উল্লেখযোগ্য অসঙ্গতি পাওয়া গেছে। কাস্টমস সূত্র জানায়, একই এইচএস কোডের পণ্য প্রতি কেজি ৫ দশমিক ১০ মার্কিন ডলার মূল্যে শুল্কায়ন করা হলেও জব্দ করা চালানে প্রতি কেজি কাঁচা তামাকের ঘোষিত মূল্য দেখানো হয়েছে মাত্র ১ দশমিক ৪৫ মার্কিন ডলার।

অর্থাৎ প্রচলিত শুল্কায়ন মূল্যের তুলনায় ঘোষিত মূল্য অনেক কম। আগের আমদানি মূল্য বিবেচনায় নিয়ে এ চালান থেকে আমদানি পর্যায়ে সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ২১ কোটি ১২ লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বন্ড সুবিধায় আমদানি করা পণ্যের প্রকৃত ব্যবহার এবং উৎপাদিত পণ্যের হিসাব যথাযথভাবে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা না হলে শুল্ক-কর ফাঁকির ঝুঁকি তৈরি হয়। আমদানি থেকে শুরু করে উৎপাদন ও বাজারজাতকরণ- প্রতিটি পর্যায়েই এ ধরনের অনিয়মের সুযোগ থাকতে পারে। চালানটির আমদানি মূল্যে অসঙ্গতি পাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।