দেবিদ্বারে মদ্যপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু অসুস্থ আরও ৪

দেবিদ্বারে মদ্যপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু অসুস্থ আরও ৪

ফন্ট সাইজ:

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার গুনাইঘর উত্তর পাড়ায় মদ্যপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও ৪ জন অসুস্থ হয়ে এরই মধ্যে ৩ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাতে দেবিদ্বার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনাইঘর উত্তরপাড়ার ধান্নারপাড় এলাকায়। মৃতদের একজন ওই গ্রামের ধান্নারপাড়ের ভূঁইয়া বাড়ির মো. বাচ্চু মিয়ার ছেলে মো. সালাউদ্দিন (৩২) ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য। অপরজন উপজেলার হাপুড়খাড়া গ্রামের মো. আলম মিয়ার ছেলে মো. বাসার খান (৩১)। অসুস্থরা হলেন- পৌরসভার ধান্নারপাড় এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মো. আতিক (৩৩), একই বাড়ির হাকিম ওরফে (শীবল মিয়ার) ছেলে শাহীন শাহ (২৮) এবং মৃত নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ নাঈম (২৮)। অপর অজ্ঞাত যুবক এলাহাবাদ গ্রামের বাসিন্দা বলে জানা যায়। একাধিক ব্যক্তি জানান, গত শুক্রবার জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েই তারা শোনেন প্রতিবেশী যুবক মো. সালাউদ্দিন অসুস্থ।

ঘরে বমি করছে, ভেতর দিয়ে দরজা বন্ধ, বাড়িতে পরিবারের কেউ নেই। স্থানীয়রা খবর পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে শনিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়। ঘটনায় বাকি অসুস্থরা মৃত্যুর খবর পেয়ে ভয়ে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কুমেক প্রেরণ করে। বর্তমানে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে, ঘটনায় হাপুড়খাড়া গ্রামের এক ব্যক্তি জানান, মৃত বাসার খান মামার বাড়িতে মামাতো ভাই ও বন্ধুদের সঙ্গে মদপান করে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। দাফনের পর সাংবাদিকের মাধ্যমে অবগত হয়েছি। তবে আমরা তদন্ত ও খবরাখবর নেয়ার চেষ্টা করছি।