নাটোরে ছাত্রদল নেতা হত্যার বিচারের নিশ্চয়তা দিলেন প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে ছাত্রদল নেতা হত্যার বিচারের নিশ্চয়তা দিলেন প্রতিমন্ত্রী পুতুল

ফন্ট সাইজ:

নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় নিহত পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিলের পরিবারের সঙ্গে দেখা করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে প্রতিনিধিদল। এ সময় এমপি’র পক্ষে দাবি করা ফেস্টুন ছিনিয়ে নিয়েছে এমপি সমর্থকরা। অপরদিকে উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার জরুরি সভা ডেকেছে জেলা বিএনপি। এ ছাড়া এমপি’র ফোনালাপ এআইতে করা কি না তা নির্ণয় কমিটি গঠন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার বিকালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে কেন্দ্রীয় সংসদের নেতারা প্রথমে উপজেলার খামার চাঁচকৈড় কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে শাকিলের কবর জিয়ারত করেন। এরপর ছাত্রদল নেতারা বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন।

এ সময় ছাত্রদল সভাপতি শাকিল হত্যার ইন্ধন ও অর্থ জোগানদাতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান। ছাত্রদল নেতারা থাকা অবস্থায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলসহ জেলা বিএনপি’র নেতারা শাকিলের বাসায় উপস্থিত হন। এ সময় প্রতিমন্ত্রী পুতুল বলেন, এই হত্যার সঙ্গে যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। এজন্য হত্যার বিষয়ে তথ্য প্রদানে সবার সহযোগিতা চান প্রতিমন্ত্রী। এদিকে ছাত্রদল সভাপতি বক্তব্য দানকালে স্থানীয় এমপি আব্দুল আজিজের পদত্যাগ দাবি করা ফেস্টুন সরিয়ে ফেলেন এমপি সমর্থকরা। এ নিয়ে সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ও উত্তেজনার সৃষ্টি হয়। কেন্দ্র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অপরদিকে অনেকটাই গা ঢাকা দিয়েছে এমপি আব্দুল আজিজ। তার মুঠোফোন বন্ধ রয়েছে, বাড়িতেও তাকে পাওয়া যায়নি তবে এ ব্যাপারে মুখ খুলছেন না কেউই। এদিকে এমপি আব্দুল আজিজের ফোনালাপ কাণ্ডে এখনো ফেসবুক জুড়ে চলছে নানা সমালোচনা ও নিন্দার ঝড়।

উল্লেখ্য, গত ১৪ই আক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেটধারী সন্ত্রাসীরা শাকিলকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সেখান থেকে শাকিলকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল থেকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২৬শে অক্টোবর রাতে মারা যায় শাকিল। শাকিল ইসলাম হত্যার ঘটনায় নাটোর-৪ আসনের বিএনপি দলীয় এমপি আব্দুল আজিজের পুত্র নুরুজ্জামান মিন্টুকে ২৬শে অক্টোবর রাতেই ডিবি পুলিশ গ্রেপ্তার করে। আদালত ২৭শে অক্টোবর মিন্টুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মিন্টু বর্তমানে রিমান্ডে রয়েছেন।