চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউপি সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৭-১৮ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত ১ শতাংশ করের অর্থে নেয়া ৫৫টি প্রকল্পে অনিয়মের অভিযোগে মামলাটি করা হয়। এতে ৮৭ লাখ ৮০ হাজার ৫৮৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এ মামলাটি করেন সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন। মামলার আসামিরা হলেন- করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. এনায়েত হোসেন নয়ন, সাবেক সংরক্ষিত নারী সদস্য কল্পনা রানী চক্রবর্তী, শেলী মজুমদার ও তাহেরা বেগম এবং সাবেক ইউপি সদস্য মো. আবু তাহের (মাস্টার), মো. শহীদ উল্লাহ, মো. বেলাল উদ্দিন, ফেয়ার মিয়া মিন্টু, মো. আজাদ উদ্দিন ও কোরবান আলী। মামলার এজাহারে বলা হয়েছে, করেরহাট ইউনিয়ন পরিষদের ১ শতাংশ করের অর্থে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ দেয়া হয়েছিল। এসব প্রকল্পের নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করে অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। অনুসন্ধানে প্রকল্পগুলোর অধিকাংশ ভাউচার জাল বলে প্রতীয়মান হয়েছে। প্রকল্প বাস্তবায়ন না করেই ভুয়া ভাউচার তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়, ভাউচারে যেসব প্রতিষ্ঠানের নাম রয়েছে, সেগুলোর কয়েকটির মালিক দুদকের অনুসন্ধানকারীদের জানিয়েছেন, ভাউচারে থাকা লেখা ও স্বাক্ষর তাদের নয়। এ ছাড়া প্রকল্প কমিটির সভার কার্যবিবরণীসহ সংশ্লিষ্ট নথিতে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বাইরে অন্য সদস্যদের অধিকাংশ স্বাক্ষরও জাল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুদকের অভিযোগ, ৫৫টি প্রকল্প বাস্তবায়ন ও

তদারকির দায়িত্বে ছিলেন সাবেক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও সংশ্লিষ্ট ইউপি সদস্যরা। তাদের পারস্পরিক যোগসাজশে প্রকল্পের অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে প্রকল্পের নির্দেশনা ও নীতিমালা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ এবং জাল ভাউচার তৈরি ও ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদন নিয়ে এ মামলা করা হয়েছে।